দেখতে দেখতে শেষ পর্যায়ে পৌঁছে গেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল। ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। অন্য সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড।
সেমিফাইনালে ওঠা চার দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। তবে বিভিন্ন পরিসংখ্যান ও শক্তিমত্তা বিশ্লেষণ করে ভবিষ্যদ্বাণী দিয়েছে অপ্টা সুপারকম্পিউটার।
অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচটি হবে বেশ হাড্ডাহাড্ডি। তবে খুব সামান্য ব্যবধানে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ডকে এগিয়ে রাখা হয়েছে।
সুপারকম্পিউটারের হিসাব বলছে, ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৯ দশমিক ৪ শতাংশ।
এছাড়া নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮ দশমিক ৯ শতাংশ, আর আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ১০ শতাংশ। ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৭ শতাংশ।
শুধু সেমিফাইনাল নয়, বিশ্বকাপ জয়ের সম্ভাবনার হিসাবেও সামান্য এগিয়ে ইংল্যান্ড। অপ্টার তথ্য অনুযায়ী, ইংল্যান্ডের শিরোপা জয়ের সম্ভাবনা ২১ দশমিক ৯৪ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ২০ দশমিক ৫৫ শতাংশ।
আরটিভি/জেএমএ



