শুরু হচ্ছে কাবাডি টেস্ট সিরিজ, নেপালকে হারিয়ে প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০৬:৫৬ পিএম


শুরু হচ্ছে কাবাডি টেস্ট সিরিজ, নেপালকে হারিয়ে প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ
শুরু হচ্ছে কাবাডি টেস্ট সিরিজ। ছবি: সংগৃহীত

ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে আগামীকাল (১৭ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচের এক দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ। ২৩ জুলাই পর্যন্ত চলতে থাকা এই সিরিজের উদ্বোধনী ম্যাচে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান।

​ঘরের মাঠে প্রতিশোধের মিশন ও এশিয়ান গেমসের চূড়ান্ত প্রস্তুতিকে সামনে রেখে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২০, ২১ এবং ২৩ জুলাই। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে এক সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে এই সিরিজের ঘোষণা দেওয়া হয়। একই সাথে শ্রাবণী মল্লিককে অধিনায়ক করে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে ফেডারেশন।

আরও পড়ুন

​গত বছর নেপাল সফরে গিয়ে ৫ ম্যাচের সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। ২০১৯ সালের এশিয়ান গেমস এবং সর্বশেষ বিচ গেমসেও নেপালের কাছে অল্প ব্যবধানে পদক হারাতে হয়েছিল বাংলাদেশকে। তবে অতীতের সেই ব্যর্থতা ও ঘাটতি দূর করে এবার কঠোর অনুশীলনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। ঘরের পরিচিত মাঠ ও চেনা দর্শকদের সামনে এবার সেরাটা দিয়ে হারের শোধ নিতে মুখিয়ে আছেন শ্রাবণীরা।

​সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, আগামী সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমস। তার আগে নেপালের মতো শক্তিশালী প্রতিপক্ষের সাথে এই হোম সিরিজটি আমাদের মেয়েদের জন্য দারুণ প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে কাজ করবে।

‘এর আগে আমরা ওদের মাটিতে খেলে এসেছি, এবার ওরা আমাদের এখানে এসেছে। নেপাল আমাদের চেয়ে ১-২ পয়েন্টে এগিয়ে থেকে অতীতে মেডেল নিয়ে গেছে, তাই এই সিরিজটি আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। তবে এখানে হার-জিতের চেয়ে আমাদের নিজেদের নর্মস ও প্রস্তুতিটা বেশি জরুরি।’

তিনি আরও জানান, ছেলেদের দলের প্রস্তুতির জন্য বাংলাদেশ পুরুষ কাবাডি দলও খুব শীঘ্রই চাইনিজ তাইপে সফরে যাচ্ছে।

​কাবাডির হারানো গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে ফেডারেশনের সহ-সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, জাতীয় খেলা কাবাডিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে দাঁড় করানোর লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। এশিয়ান গেমসের প্রস্তুতির মাঝে এই পাঁচটি টেস্ট ম্যাচ আমাদের দলের জন্য দারুণ একটি 'গেম এক্সপোজার' বা খেলার অভিজ্ঞতা হিসেবে কাজ করবে।

​অনুষ্ঠানে কাবাডি ফেডারেশনের এমন পেশাদার ও সুদূরপ্রসারী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা।

তিনি বলেন, অন্যান্য ফেডারেশনকে আমি সবসময় বলি কাবাডি ফেডারেশনকে অনুসরণ করতে। তাদের অ্যাডমিনিস্ট্রেশন, প্ল্যানিং ও ভিশন সত্যিই প্রশংসনীয়। আমরা অলিম্পিক অ্যাসোসিয়েশনও এখনো সাহস করে প্রস্তুতির ওপর এমন ব্যতিক্রমী প্রেস মিট করতে পারিনি, যা কাবাডি ফেডারেশন করে দেখিয়েছে।

​সংবাদ সম্মেলনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক বলেন, নেপাল অবশ্যই আমাদের চেয়ে অনেক ভালো দল। তবে এবার আমরা জিততেই মাঠে নামব। ঘরের মাঠে যদি আমরা ওদের হারাতে পারি, তবে জাপানে এশিয়ান গেমসের মূল লড়াইয়ে আমরা অনেক বেশি আগ্রাসী মনোভাব নিয়ে নামতে পারব।

​অন্যদিকে ছেড়ে কথা বলতে নারাজ অতিথি দলও। নেপাল দলের অধিনায়ক মেনুকা কুমারী রাজবংশী ও কোচ হরিনা থাপা দুজনেই সুশৃঙ্খল ও সেরা খেলা উপহার দিয়ে ট্রফি জিতে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বাংলাদেশ দল: শ্রাবণী মল্লিক (অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস, মোসাম্মৎ ইশরাত জাহান সাদিকা, রেখা আক্তারি, মেবি চাকমা, রূপালী আক্তার, রাবেয়া খানম, সুচরিতা চাকমা, খাদিজা, লোবা আক্তার, তাহরিম, মোসাম্মৎ নাহিদা আক্তার, মোসাম্মৎ শারমিন আক্তার এবং নাসিমা আক্তার।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission