দীর্ঘ ১৭ বছর পর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৭ সালের মে মাসে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রকাশিত ২০২৭ সালের গ্রীষ্মকালীন আন্তর্জাতিক সূচিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত লর্ডসে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই টেস্ট।
এর আগে সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই হিসেবে দীর্ঘ ১৭ বছর পর ক্রিকেটের ‘মক্কা’খ্যাত লর্ডসে ফিরছে টাইগাররা। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ এবং নিজেদের সামর্থ্য প্রমাণের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।
শুধু পুরুষ দলই নয়, ২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। সেপ্টেম্বরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা।
বাংলাদেশ দলকে লর্ডসে স্বাগত জানাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড। তিনি বলেন, দীর্ঘ বিরতির পর লর্ডসে বাংলাদেশের প্রত্যাবর্তন ইংল্যান্ডের আন্তর্জাতিক সূচিকে আরও সমৃদ্ধ করবে।
বাংলাদেশ পুরুষ দলের সূচি
একমাত্র টেস্ট: ২৮ মে – ১ জুন, ২০২৭
ভেন্যু: লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন
বাংলাদেশ নারী দলের সূচি
টি-টোয়েন্টি সিরিজ
১ম টি-টোয়েন্টি: ৮ সেপ্টেম্বর, নর্থহ্যাম্পটন
২য় টি-টোয়েন্টি: ১০ সেপ্টেম্বর, টনটন
৩য় টি-টোয়েন্টি: ১২ সেপ্টেম্বর, ওরচেস্টার
ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে: ১৭ সেপ্টেম্বর, হোভ
২য় ওয়ানডে: ২১ সেপ্টেম্বর, ক্যান্টারবেরি
৩য় ওয়ানডে: ২৪ সেপ্টেম্বর, চেমসফোর্ড।
দীর্ঘ অপেক্ষার পর লর্ডসে বাংলাদেশের টেস্ট প্রত্যাবর্তন দেশের ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, ঐতিহাসিক এই সফরে ভালো পারফরম্যান্স উপহার দিয়ে নতুন ইতিহাস গড়বে টাইগাররা।
আরটিভি/এসকে



