২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যাওয়ায় আর্জেন্টিনার জার্সিতেও আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। বিশ্বচ্যাম্পিয়ন দলের পরিচয় বহনকারী ‘ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ব্যাজ’ আর থাকছে না লিওনেল মেসিদের জার্সিতে।
দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর বিশ্বচ্যাম্পিয়ন ব্যাজের অধিকার হারিয়েছে আর্জেন্টিনা। ফলে এখন থেকে সেই স্বর্ণালী ব্যাজটি শোভা পাবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের জার্সিতে।
২০২২ সালের কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর আর্জেন্টিনার জার্সির বুকে এই বিশেষ ব্যাজ যুক্ত হয়েছিল। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আন্তর্জাতিক ম্যাচগুলোতে তারা এতদিন এটি ব্যবহার করে এসেছে। তবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ম অনুযায়ী ব্যাজটি স্পেনের কাছে হস্তান্তরিত হয়েছে।
এখন থেকে আর্জেন্টিনার জার্সিতে থাকবে কেবল ২০২৪ কোপা আমেরিকা জয়ের স্মারক প্যাচ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের ফাইনালে লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা।
এদিকে, ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচজুড়ে আর্জেন্টিনা ছিল নিষ্প্রভ। নির্ধারিত ৯০ মিনিটে তারা প্রতিপক্ষের গোলমুখে কোনো শটই নিতে পারেনি। অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও সেগুলোর কোনোটিই লক্ষ্যে ছিল না।
ফাইনালের আগে লিওনেল মেসি ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে কী বলেছিলেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
আরটিভি/এসকে



