ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ এএম
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল। কাতালানদের জয়ের নায়ক ফারমিন লোপেজ, করেছেন জোড়া গোল।

দিনের আগের ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনার সমান ৩০ পয়েন্ট অর্জন করেছিল রিয়াল মাদ্রিদ। ফলে অ্যাতলেটিকোর মাঠে জয়ের বিকল্প ছিল না বার্সার সামনে। শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেয় তারা।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। হুলিয়ান আলভারেজের নিচু ক্রস থেকে গোল করেন জিউলিয়ানো সিমিওনে। এর আগে ষষ্ঠ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আলভারেজ।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় বার্সেলোনা। দুই দলই গোলপোস্টে বল লাগিয়ে গোলের কাছাকাছি পৌঁছায়। শেষ পর্যন্ত প্রথমার্ধের যোগ করা সময়ের আগে বাঁকানো শটে বার্সেলোনাকে সমতায় ফেরান ফারমিন লোপেজ।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ম্যাচের ৬৬তম মিনিটে লামিনে ইয়ামালের দারুণ পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন লোপেজ। তার এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

বাকি সময়ে সমতা ফেরানোর চেষ্টা করলেও বার্সেলোনার রক্ষণভাগ ও গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে পরাস্ত করতে পারেনি অ্যাতলেটিকো। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্লিকের শিষ্যরা।

এই জয়ে ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে মৌসুমে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া অ্যাতলেটিকো মাদ্রিদ নেমে গেছে তৃতীয় স্থানে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেষ মুহূর্তের দুই গোলে হার এড়াল ম্যানচেস্টার ইউনাইটেড
অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৪-৪ গোলের রোমাঞ্চকর ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের যোগ করা সময়ে দুই গোল করে নিশ্চিত হার এড়ায় স্বাগতিকরা।
শেষ মুহূর্তের দুই গোলে হার এড়াল ম্যানচেস্টার ইউনাইটেড
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ
প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিত করার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। সে ক্ষেত্রে রোববার (৮ নভেম্বর) ভুটান এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের ওপর নির্ভর করছিল বাংলাদেশের সেমিফাইনাল। ভুটান এই ম্যাচে জিতলে বাংলাদেশকে শেষ ম্যাচের জন্য অপেক্ষায় থাকতে হতো। রোববার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে মাঠে নামে শ্রীলঙ্কা ও ভুটান। দুই দলের লড়াই দেখতে ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। পরের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তাই প্রতিপক্ষকে সরাসরি দেখার সুযোগটাও কাজে লাগিয়েছেন তিনি। ভুটানের বিপক্ষে শুরুতে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল শ্রীলঙ্কার। ১৩ মিনিটে অলিভার কেলার্টের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর একাধিক আক্রমণ করেও গোল পাচ্ছিল না দলটি। উল্টো ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরই দূরপাল্লার শটে সমতা ফেরান কেলার্ট। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে ওয়াসিম রাজিকের হেডে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েও শুরুতে কাজে লাগাতে পারেনি ভুটান। ৬৮ মিনিটে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন চেনচো গিলশেন। তবে ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোলে সেই আক্ষেপ ঘোচান ভুটানের এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। এই ফলে শ্রীলঙ্কা ও ভুটানের পয়েন্ট দাঁড়িয়েছে ১ করে। অন্যদিকে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে বাংলাদেশের পয়েন্ট ৩। ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচের আগেই সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচে এখন গ্রুপসেরা হওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। ভুটান অপেক্ষায় আছে সেই ম্যাচে বাংলাদেশের জয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, দলটিতে ১৯ জন বংশোদ্ভূত ফুটবলার রয়েছেন, যাঁদের অনেকেই অস্ট্রেলিয়া, জার্মানি ও সাইপ্রাসের লিগে খেলেন। প্রকৃত স্ট্রাইকার না থাকার সমস্যা নিয়ে ডুলিও অকপট। তিনি বলেন, নম্বর নাইন না থাকলে কঠিন হয়ে পড়ে। আপনাকে আঘাত করার মানসিকতা থাকতে হবে, আক্রমণাত্মক হতে হবে, চাপ সৃষ্টি করতে হবে। কারণ, ওদের মতো খেলোয়াড়দের বিপক্ষে আপনি যখন খেলবেন, তখন আপনাকে শক্ত হতেই হবে, নতুবা গোলকিপার বেরিয়ে আসবে। তাই আপনি যদি সেখানে যেতে ভয় পান, তবে আপনার কাউকে নেওয়ারই দরকার নেই। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে ফিরবেন মিডফিল্ডার হামজা চৌধুরী ও ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। আগামীকাল দেশে আসবেন তারা। আরটিভি/টিআর
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ
ব্রাজিল ও উরুগুয়েকে ডেকে এনে মহাবিপদে ভারত, দেনায় ডুবছে ফেডারেশন
ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই শক্তিশালী দলকে আমন্ত্রণ জানিয়ে বড় আয়োজন করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। আর তাতেই বিপাকে পড়েছে ভারত। দুটি প্রীতি ম্যাচের পুরো পারিশ্রমিক এখনও বুঝে পায়নি ব্রাজিল ও উরুগুয়ে।  গত ৩ নভেম্বর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এরপর ৬ নভেম্বর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে মাঠে মাঠে নামে ভারত। দুটি ম্যাচই হয়েছিল কলকাতায়।  এর আগে ২৫ সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে পানামার বিপক্ষেও একটি ম্যাচ খেলেছিল তারা। পানামা পুরো পারিশ্রমিক বুঝে পেলেও ব্রাজিল ও উরুগুয়ে এখন পর্যন্ত পাওনা অর্থের অর্ধেক পেয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের কাছে প্রায় ১৯ কোটি রুপি এবং উরুগুয়ের কাছে ৪ কোটি ৭০ লাখ রুপি দেনা রয়েছে এআইএফএফের। মূলত টিকিট বিক্রি থেকে প্রত্যাশিত আয় না হওয়ায় আর্থিক সংকটে পড়েছে এআইএফএফ। ম্যাচগুলো থেকে ৩০ থেকে ৪০ কোটি রুপি আয়ের আশা করেছিল ভারত। কিন্তু টিকিটের চড়া দামের কারণে দর্শকদের আগ্রহ প্রত্যাশা অনুযায়ী ছিল না। পরে কলকাতার তিন ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের সমর্থকদের জন্য ছাড়ে টিকিট বিক্রি করা হয়। ব্রাজিলের ম্যাচে চালু করা হয় একটি কিনলে আরেকটি বিনা মূল্যে পাওয়ার অফারও। এমন পরিস্থিতিতে বকেয়া পরিশোধ করতে মেয়াদ শেষ হওয়ার আগেই ২০ কোটি রুপির একটি স্থায়ী আমানত ভাঙার প্রস্তাব দিয়েছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু সভায় সদস্যরা এর বিরোধিতা করেন।  তাদের যুক্তি, জরুরি প্রয়োজন ছাড়া এই অর্থ ব্যবহার করা উচিত নয়। ফেডারেশনের সহসভাপতি এনএ হারিসও মনে করিয়ে দেন, স্থায়ী আমানত থেকে অর্থ না তোলার সিদ্ধান্ত আগেই নিয়েছিল নির্বাহী কমিটি। স্থায়ী আমানতটি করা হয়েছিল প্রফুল প্যাটেলের সভাপতিত্বের সময়। ভার্চুয়াল সভায় উপস্থিত প্যাটেলও আমানত ভাঙার প্রস্তাবের বিরোধিতা করেন। পরে বকেয়া পরিশোধের বিষয়টি খতিয়ে দেখতে হারিসের নেতৃত্বে একটি বিশেষ দল গঠনের সিদ্ধান্ত হয়। এদিকে টিকিট বিক্রির অংশীদারের কাছ থেকে পাওয়া ২৫ কোটি রুপির অগ্রিম অর্থের একটি অংশও ফেরত দিতে হতে পারে ফেডারেশনকে। কারণ, ওই অর্থ ছিল শর্তসাপেক্ষে ফেরতযোগ্য অগ্রিম। ভারতে প্রথমবার খেলতে এসে তারকাখচিত দল নিয়ে এসেছিল ব্রাজিল। দলে ছিলেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস, পিএসজির অধিনায়ক মারকিনিয়োস ও চেলসির এস্তেভাও।  এত বড় তারকাদের উপস্থিতি সত্ত্বেও ম্যাচ আয়োজনের আর্থিক দায় মেটাতে এখন চ্যালেঞ্জের মুখে ভারতীয় ফুটবল ফেডারেশন। দেনা পরিশোধ করতে সময় বাড়ানোর আবেদনও করেছে তারা। আরটিভি/এসআর
ব্রাজিল ও উরুগুয়েকে ডেকে এনে মহাবিপদে ভারত, দেনায় ডুবছে ফেডারেশন
হামজা-ফারহান কবে বাংলাদেশে আসবে জানাল বাফুফে
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও একাদশ সাজাতে হিমশিম খাচ্ছেন কোচ থমাস ডুলি। দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে মাঠে মিস করছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। শনিবার (৮ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, ফিফা উইন্ডো বা অন্যান্য কারণে স্কোয়াডের যে দুজন খেলোয়াড় এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি, তাদের মধ্যে বহুল প্রতীক্ষিত হামজা চৌধুরী এবং ফারহান আলী আগামী ৯ নভেম্বর ঢাকায় এসে পৌঁছাবেন। এবং সেদিনই তাদের অনুশীলনে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। শেখ মোরসালিন প্রথম ম্যাচে ২৩ জনের স্কোয়াডে ছিলেন না। তবে পরের ম্যাচে খেলতে আশাবাদী তিনি। এছাড়া হামজা ও ফারহান যোগ দিলে দলের শক্তি বাড়বে বলে মনে করেন আবাহনীর এই মিডফিল্ডার। মোরসালিন বলেন, আমরা অবশ্যই এটা নিয়ে খুবই আশাবাদী। হামজা ভাই, ফারহান আসলে দলের যে স্পিরিট ছিল আশা করছি সেটি আরো বাড়বে, ইনশাআল্লাহ। এদিকে গত ম্যাচে সেরা একাদশে থাকলেও ওয়ার্মআপের সময় হঠাৎ ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ।  তার বর্তমান অবস্থা নিয়ে ম্যানেজার আমিরুল ইসলাম বলেন, বিদেশি ফিটনেস ট্রেনারের নিবিড় পর্যবেক্ষণে তপু বর্মণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী ১১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে কোচ যদি প্রয়োজন মনে করেন, তবে তাকে খেলাতে পারেন। আরটিভি/এসআর
হামজা-ফারহান কবে বাংলাদেশে আসবে জানাল বাফুফে
ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়লেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার জিতলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। ব্যক্তিগত অর্জনের দিনে অবশ্য জয় পায়নি তার দল ইন্টার মায়ামি। রোববার (৮ নভেম্বর) এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ দিনে শার্লট এফসির বিপক্ষে নেমেছিল মায়ামি। ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে ৩-০ গোলে এগিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করেছে মায়ামি। ম্যাচে গোল করতে পারেননি মেসি।  তবু ২৬ গোল নিয়ে মৌসুম শেষ করায় গোল্ডেন বুট উঠেছে তার হাতেই। মেসির সবচেয়ে কাছাকাছি ছিলেন এফসি ডালাসের পেতার মুসা। ২২ গোল করে দ্বিতীয় হয়েছেন তিনি। ন্যাশভিলের স্যাম সারিজ ২১ গোল নিয়ে তৃতীয়, আর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ব্রায়ান হোয়াইটের গোল ২০টি। গত মৌসুমে ২৯ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এক মৌসুমে সেটি ছিল এমএলএস ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলসংখ্যা। এবার গোলের সংখ্যা কিছুটা কমলেও লিগের অন্যতম ধারাবাহিক গোলদাতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। মায়ামির আক্রমণভাগেও মেসির অবদান ছিল সবচেয়ে বেশি। নিয়মিত মৌসুমে ৮০ গোল করে লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে দলটি। এর মধ্যে মেসির একার গোল ২৬টি। দলের মোট গোলের প্রায় এক-তৃতীয়াংশই এসেছে তার পা থেকে। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতেও পিছিয়ে ছিলেন না ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। মৌসুমে মেসির অ্যাসিস্ট ১৭টি, যা লিগের সর্বোচ্চ অ্যাসিস্ট করা পেপ বিয়েলের চেয়ে মাত্র একটি কম। মাঠে ২ হাজার ৬৬৪ মিনিট খেলেই এই অবদান রেখেছেন তিনি। গোলের সুযোগ তৈরি ও কাজে লাগানোর ক্ষেত্রেও সবার ওপরে ছিলেন মেসি। নিয়মিত মৌসুমে ১৮৩টি শট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের মিলান ইলোস্কির শট ১২২টি। লক্ষ্যে রাখা শটের সংখ্যাও মেসির সবচেয়ে বেশি ৭৬টি। এই তালিকায় তার পরেই থাকা লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গার শট ৫১টি। আগস্টে মন্ট্রিয়লের বিপক্ষে মায়ামির ৭-১ গোলের জয়ে একাই চার গোল করেছিলেন মেসি। সেটিই ছিল মৌসুমে তার সবচেয়ে উজ্জ্বল ব্যক্তিগত পারফরম্যান্স। এবার মায়ামির সামনে এমএলএস কাপ ধরে রাখার চ্যালেঞ্জ। ২০১১ ও ২০১২ সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পর আর কোনো দল টানা দুই মৌসুমে এই শিরোপা জিততে পারেনি। ইস্টার্ন কনফারেন্সে রেকর্ড গড়া ন্যাশভিলের পেছনে দ্বিতীয় হয়ে প্লে-অফে উঠেছে মায়ামি। সেরা সাতের মধ্যে থাকা দলগুলোর লড়াইয়ে প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ সপ্তম বাছাই কলম্বাস ক্রু। ব্যক্তিগতভাবে মেসির সামনে রয়েছে আরও একটি বড় অর্জনের হাতছানি। টানা তৃতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় বা এমভিপি হওয়ার দৌড়ে আছেন তিনি। গত মৌসুমে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতে ইতিহাস গড়েছিলেন মেসি। এর আগে কেবল প্রেকিই দুবার এমভিপি হয়েছিলেন ১৯৯৭ ও ২০০৩ সালে। এবার গোল্ডেন বুট জয় মেসির দাবিকে আরও শক্তিশালী করল। তবে এমভিপি নির্বাচনে শুধু গোল নয়, গণমাধ্যমকর্মী, খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের ভোটও বিবেচনায় নেওয়া হয়। আরটিভি/এসআর
ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
আরও পড়ুন
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা রিয়াল মাদ্রিদের
রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা