
ফুটবলবিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোকাহত পুরো আর্জেন্টিনা ফুটবল অঙ্গন। কঠিন এই সময়ে মেসির পাশে দাঁড়াতে রোজারিও যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন আর্জেন্টিনা ও বোকা জুনিয়র্সের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।
আর্জেন্টাইন সময় শনিবার (৮ আগস্ট) পার্কে পাত্রিসিওসে ভেলেসের বিপক্ষে বোকা জুনিয়র্সের ১-১ গোলে ড্রয়ের পর পারেদেস জানান, এখনো মেসির সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি তিনি। তবে মেসি রোসারিও পৌঁছানোর পর সতীর্থদের নিয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।
পারেদেস বলেন, আমি এখনো তার সঙ্গে কথা বলতে পারিনি। জানি, সে রোজারিও গেছে। সে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করছি, যাতে এই কঠিন সময়ে তার পাশে থাকতে পারি। আমাদের সেখানে থাকা নিশ্চয়ই তাকে কিছুটা স্বস্তি দেবে।
তিনি আরও বলেন, আমি এখন সতীর্থদের কয়েকজনের সঙ্গে কথা বলব। আমরা আজই যেতে পারি, অথবা আগামীকাল দুপুরের পর রওনা হতে পারি।
মেসির পরিবারের সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়দের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেছেন পারেদেস। তিনি বলেন, ‘আমরা বিষয়টিকে নিজেদের মতোই অনুভব করছি। কারণ সে আমাদের কাছে অনেক কিছু।’
বাবার শেষ বিদায়ে অংশ নিতে আর্জেন্টিনায় ফিরেছেন মেসি। দীর্ঘ ক্যারিয়ারে ছেলের পাশে থেকে তাকে উৎসাহ ও সমর্থন দিয়ে গেছেন হোর্হে মেসি। বাবাকে শেষবারের মতো বিদায় জানানো এবং শোকাহত পরিবারের সদস্যদের পাশে থাকাই এখন মেসির প্রধান লক্ষ্য। বিশেষ করে মা সেলিয়ার পাশে থাকতে চান আর্জেন্টাইন তারকা।
পারিবারিক পরিসরেই হোর্হে মেসির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। তবে মেসির বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে কবরস্থানের প্রবেশপথে জড়ো হন অসংখ্য ভক্ত। প্রিয় তারকার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন তারা।
আরটিভি/এসকে




