
মানব ইতিহাসে দ্রুততম মানব হিসেবে এতদিন বিশ্বরেকর্ডের মালিক ছিলেন জ্যামাইকান কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্ট। এবার ১০০ মিটার স্প্রিন্টে বোল্টের সেই রেকর্ডকেও ছাড়িয়ে যাওয়ার দাবি উঠেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনারের তৈরি হিউম্যানয়েড রোবট ‘লাইটনিং’কে ঘিরে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের প্রস্তুতিমূলক এক ট্রায়াল ইভেন্টে ১০০ মিটার পথ মাত্র ৯ দশমিক ৩২ সেকেন্ডে অতিক্রম করেছে লাইটনিং। এ সময় রোবটটির সর্বোচ্চ গতি ছিল প্রতি সেকেন্ডে ১৪ দশমিক ৫ মিটার।
২০০৯ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্ট ৯ দশমিক ৫৮ সেকেন্ডে শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। সেই রেকর্ড এখনো মানুষের ১০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড হিসেবে অক্ষুণ্ন রয়েছে। তবে লাইটনিংয়ের ৯ দশমিক ৩২ সেকেন্ডের সময়টি বোল্টের চেয়ে দ্রুত হওয়ায় রোবটটির পারফরম্যান্স নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এর আগেও আলোচনায় এসেছিল লাইটনিং। গত এপ্রিলে বেইজিংয়ে অনুষ্ঠিত ২১ কিলোমিটারের হাফ ম্যারাথনে অংশ নিয়ে জয়ী হয়েছিল মানবসদৃশ এই রোবট। সে সময় ৫০ মিনিট ২৬ সেকেন্ডে রেস শেষ করে এটি।
সেসময় ১৬৯ সেন্টিমিটার উচ্চতার লাইটনিংয়ের পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। তবে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসকে সামনে রেখে গবেষকরা রোবটটির পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১ দশমিক ০৫ মিটার করেছেন বলে জানিয়েছে সিসিটিভি।
চীন বর্তমানে হিউম্যানয়েড রোবট খাতকে উদীয়মান কৌশলগত শিল্প হিসেবে গুরুত্ব দিচ্ছে। দেশটির নীতিনির্ধারক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আশা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত হার্ডওয়্যার প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতে উৎপাদন, লজিস্টিকস এবং দৈনন্দিন সেবাখাতে মানবসদৃশ রোবটের ব্যবহার আরও বাড়বে।
আরটিভি/এসকে




