
আন্তজার্তিক ফুটবলকে বিদায়ের পর লিওনেল মেসিকে শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলে মেসির প্রভাব ও পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) আর্জেন্টিনার হয়ে নিজের ঐতিহাসিক ক্যারিয়ারের ইতি টানেন মেসি। তার অবসরের প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে হৃদয়স্পর্শী একটা বার্তা দেন ইনফান্তিনো।
ইনফান্তিনো লেখেন, অভিনন্দন লিও মেসি, তোমার অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য। এই ক্যারিয়ার লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সুন্দর এই খেলাকে নতুন করে সংজ্ঞায়িত করেছে।
ফিফা সভাপতি তার বার্তায় মেসির বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোল করার রেকর্ড এবং সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ডের কথাও উল্লেখ করেন।
ইনফান্তিনো আরও লেখেন, তোমার জাদুকরী প্রতিভা আর নম্রতা মনে থাকবে চিরকাল। আর্জেন্টিনার জার্সি গায়ে তোমার দেওয়া প্রতিটা অবিস্মরণীয় স্মৃতির জন্য ধন্যবাদ। পৃথিবীর প্রতিটা প্রান্তের সমর্থকদের এক করার জন্যও ধন্যবাদ। তোমার পরবর্তী অধ্যায়ের জন্য রইল আমার শুভকামনা।
জাতীয় দলের হয়ে রেকর্ড ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। তার আন্তর্জাতিক অর্জনের মধ্যে আছে ২০২২ ফিফা বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা শিরোপা।
২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে অভিষেক হয় মেসির। এরপর দুই দশকের বেশি সময় ধরে তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন। বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে বারবার ব্যর্থ হওয়ার পর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে নেন তিনি।
এর মাধ্যমে পূর্ণতা পায় তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায়। আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ ছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে। সেই ম্যাচে স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা।
ফুটবল ইতিহাসের অন্যতম সফল আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল মেসির অবসরের মধ্য দিয়ে। আর্জেন্টিনা অধ্যায় শেষ হলেও, ৩৯ বছর বয়সী এই তারকা ইন্টার মিয়ামির হয়ে ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাবেন।
আরটিভি/এসআর



