
টেস্ট ক্রিকেটের সবশেষ সংযোজন আফগানিস্তান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ক্রিকেটের এই অভিজাত সংস্করণে অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে নবীন আফগানদের হারাটাই যে স্বাভাবিক ছিল সেটা জানা কথা। ভারতের পর আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলে আফগানিস্তান। সেই ম্যাচে আইরিশদের স্পিনে কাবু করে ম্যাচ জিতে নেয় আসগর আফগানের দল।
তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ। টাইগারদের ঘরের মাঠে আফগানদের হিসেবটা যে সহজ হবে না সেটা সহজেই অনুমান করা যায়। এই সাকিব-মিরাজরা ঘরের মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলগুলোকে নাকানিচুবানি খাইয়েছে তাদের বিপক্ষে খেলতে হলে নিজেদের কতটা প্রস্তুত হয়ে আসতে হবে সেটা জানা রশিদ খানদের।
আফগানিস্তানের টেস্ট অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে রশিদ খানকে দায়িত্ব দেয়া হয় দলের। নতুন দায়িত্ব পেয়ে রশিদও চাইবে তার প্রতি বোর্ডের আস্থার প্রতিদান দিতে।
শুধু একটি টেস্ট খেলতেই নয়, রয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজও। তার আগে নিজেদের প্রস্তুত করতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিকে বেচে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি)।
---------------------------------------------------------------
আরো পড়ুন: ক্যারিয়ার শেষ হয়নি, সুযোগ কাজে লাগাতে চাই: শফিউল
---------------------------------------------------------------
সেপ্টেম্বরে বাংলাদেশের আবহাওয়ার কথা মাথায় রেখেই নাকি তাদের আবুধাবিকে বেচে নেয়া। আগামী ৩০ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা রশিদদের। এরপর ১ ও ২ সেপ্টেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে রয়েছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
এর ভেতর কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার জন্য খুব বেশি সময়ও পাওয়া হবে না। তাই আরব আমিরাতের তপ্ত রোদে নিজেদের ঝালাইয়ের কাজটা সেরে নিচ্ছেন বলেও জানান রশিদ খান।
‘আমরা যে সময়টায় বাংলাদেশে খেলতে যাচ্ছি তখন বাংলাদেশের আবহাওয়া অনেক গরম থাকার কথা। তাই অনুশীলনের জন্য আবুধাবিকে বেচে নেয়া। আমার মনে হয় না বাংলাদেশে এর চেয়ে বেশি গরম হবে আবহাওয়া।’
এমআর/ এমকে




