
পাকিস্তানকে নিয়ে খেলছে ডেভিড ওয়ার্নার। শুক্রবার অ্যাডিলেড টেস্টের প্রথম দিনে ৩০২ রান সংগ্রহ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। সেটিও মাত্র ১ উইকেটে। গোটা দিনে পাকিস্তানের সাফল্য ছিল কেবল জো বার্নসকে ৪ রানে ফেরানো শাহিন আফ্রিদির উল্লাসটা।
দিবারাত্রী টেস্টে গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। পেইনের সিদ্ধান্তটাই দিন শেষে ব্যথা হয়ে দাঁড়ায় সফরকারী পাকিস্তানের।
ডেভিড ওয়ার্নার গতকাল ১৬৬ রানে দিন করেন। ১২৬ রানে অপরাজিত থাকেন মার্নাস লাভুশানেও।
আজ দ্বিতীয় দিনে আর ৩৬ রান যোগ করে আফ্রিদির বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লাভুশানে। ২৩৮ বলে খেলেন ১৬২ রানের লম্বা ইনিংস।
বার্নসকে ফেরানো গেলেও ওয়ার্নারকে ফেরানো অসম্ভব হয়ে পড়েছে পাকিস্তানি বোলারদের জন্য। স্টিভেন স্মিথ ৬৪ বলে ৩৬ রান করে ক্যাচ দেন আফ্রিদির বলেই।
তবু ওয়ার্নার চলছেন তার আপন গতিতেই। এরিমধ্যে ২৫০ রান পার করে ছুটছেন তিন’শ রানের পথে। অপরাজিত আছেন ২৭৪ রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৪৯০ রান। অস্ট্রেলিয়া কখন ঘোষণা দিবে প্রথম ইনিংস আর ওয়ার্নার কবে থামবেন সেটাই দেখার বিষয়!
এমআর/




