
সিলেটের কাছে হারের প্রতিশোধ নিলো খুলনা টাইগার্স। চট্টগ্রামে ওই ম্যাচে আন্দ্রে ফ্লেচারের শতক আর জনসন চার্লসের নব্বই রানের ইনিংসে ভর করে ২৩২ রান তুলে ৮০ রানে হারিয়ে দেয় খুলনা টাইগার্সকে।
এর আগে পরে একটা ম্যাচেও জয় পায়নি সিলেট থান্ডার। বলা যায় শেষ চারের লড়াইয়ে ওঠার আগেই ঝরে পড়তে হবে সিলেটকে।
আজ খুলনার বিপক্ষে দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পায় সিলেট। আজ আর ঝড় তুলতে পারেনি ফ্লেচার কিংবা চার্লস।
ফ্লেচার ৩৭ রানে ফেরার পর ৪৪ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ওপেনার রুবেল মিয়া। শেষে শেরফান রাদারফর্ডের ২৬ আর মোসাদ্দেকের ২৩ রানে ভর করে ৪ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে দলটি।
মিরপুরের উইকেটে বলা যায় লড়াকু সংগ্রহ। কিন্তু শেষ পর্যন্ত খুলনার দুই ওপেনার মেহেদী মিরাজ আর নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ওপেনিং জুটির কল্যাণে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় সিলেটের।
শান্ত-মিরাজের জুটি থেকে আসে ৭৪ বলে ১১৫ রান। মিরাজ তুলে নেন অর্ধশতক আর শান্ত কাটা পড়েন চল্লিশের ঘরে ৪১ রানের মাথায়।
শান্ত ফিরলেও রিলে রুশোকে নিয়ে জয়ের কাছে পৌঁছে যান মিরাজ। রুশো ১১ বলে ১৫ রান করে বিদায় নিলেও মিরাজের অপরাজিত ৮৭ (৬২) রানে খুলনা জয় পায় ৮ উইকেটে।
এমআর/পি




