ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি : সংগৃহীত

২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল। ১৬টি দলকে নিয়ে আগামী ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার (২১ অক্টোবর) টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। চট্টগ্রাম, সিলেট ও কাঠমান্ডুর চারটি ভেন্যুতে (কাঠমান্ডুতে দুটি স্টেডিয়াম) ১৬টি দল মোট ৪১টি ম্যাচে অংশ নেবে।

টুর্নামেন্টের আগের দুটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে শেফালি ভার্মার নেতৃত্বে এবং ২০২৫ সালে মালয়েশিয়ায় নিকি প্রসাদের নেতৃত্বে শিরোপা জেতে দলটি। এবার ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হলো আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও সহ-আয়োজক নেপাল। ২২ জানুয়ারি কাঠমান্ডুর টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও নেপাল।

‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে ‘সি’ গ্রুপে। আর ‘ডি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।

আগামী ২১ জানুয়ারি উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ বাংলাদেশের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাতের। সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে বিকেলে অস্ট্রেলিয়া খেলবে নাইজেরিয়ার বিপক্ষে। এছাড়া কাঠমান্ডুর আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর মুখোমুখি হবে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

গ্রুপ পর্ব চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এরপর প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্স পর্বে উঠবে। সুপার সিক্সে নয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিবে। সেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ৪ ফেব্রুয়ারি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। সেমিফাইনাল ও ফাইনালের পরের দিন রিজার্ভ ডে রাখা হয়েছে।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তা বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য তরুণ খেলোয়াড়দের একটি মঞ্চ তৈরি করে দেবে এই টুর্নামেন্ট।

তিনি বলেন, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আমাদের খেলার ভবিষ্যৎ প্রতিভাদের তুলে ধরার মঞ্চ। নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে তরুণ খেলোয়াড়দের শীর্ষ পর্যায়ে ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে যাওয়ার জন্য এটি সর্বোচ্চ পর্যায়ের সুযোগ। ১৬টি দলের খেলোয়াড়রা বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে। একই সঙ্গে তারা অন্যান্য ক্রিকেটারদের কাছে পরিচিত ও অনুকরণীয় আদর্শ হয়ে উঠবে এবং তাদের ক্রিকেটযাত্রা অব্যাহত রাখতে অনুপ্রেরণা জোগাবে।

গুপ্তা আরও বলেন, আয়োজক হিসেবে বাংলাদেশ ও নেপালকে বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটের ভবিষ্যৎ বিকাশে আইসিসির আস্থা ও বিনিয়োগের প্রতিফলন এতে প্রমানিত হয়। ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা এবং দুই দেশের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের বয়স ২০ বছরের নিচে হওয়ায় বিশ্বের অন্যতম বড় যুব ক্রীড়া আসর আয়োজনের জন্য দেশ দুটি আদর্শ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জোহানেসবার্গ টেস্ট / রবিনের অভিষেক, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জোহানেসবার্গে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রোববার (১৫ নভেম্বর) প্রোটিয়ার মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক করছেন মাহফিজুল ইসলাম রবিন। এদিকে ৩ পেসারের সাথে ১ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একমাত্র স্পিনার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। ৩ পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন চৌধুরী। এছাড়া দক্ষিণ আফ্রিকা আগের দিন ঘোষণা করা একাদশ নিয়েই মাঠে নামছে। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ। দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারক্রাম, মারকাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইয়ান মাল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ড্যান পিটারসেন। আরটিভি/এসআর
রবিনের অভিষেক, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান। এ ছাড়া পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানসহ জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার আছেন। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হবে রাইজিং স্টারস এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হংকং জাতীয় দল। ২১ নভেম্বর আফগানিস্তান এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর হবে শেষ চারের লড়াই ও ফাইনাল ২৯ নভেম্বর। বাংলাদেশ স্কোয়াড : সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, শাহাদত হোসেন দিপু, সাব্বির রহমান, ইয়াসির আলী রাব্বি, ইফতেখার হোসেন ইফতি, ইরফান শুক্কুর, আফিফ হোসেন, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মোহামদ রুবেল, চৌধুরী রিজান, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।  আরটিভি/এসআর
চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ
বাংলাদেশের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশ প্রতিযোগিতায় বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। বলের কন্ডিশন পরিবর্তন করে রিভার্স সুইং আদায়ের জন্য খেলোয়াড়রা ভেসলিন ব্যবহার করছেন বলে দাবি করেছে ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশের কর্মকর্তারা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। পূর্বাচলে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগ দ্বিতীয় একাদশকে ইনিংস ও ৩৫ রানে হারিয়ে শিরোপা জেতে ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশ। ম্যাচ শেষে বল টেম্পারিংয়ের অভিযোগ সামনে এনে নতুন বিতর্কের জন্ম দেন ঢাকা দলের কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিভাগের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, খেলোয়াড়রা আঙুলের ফাঁকে ভেসলিন লুকিয়ে রেখে বলের কন্ডিশন পরিবর্তনের চেষ্টা করেন। ফলে কে বা কারা এই অনিয়মে জড়িত, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ওই কর্মকর্তার দাবি, ভেসলিন ব্যবহারের ফলে বলের ওজন ও গতিপথে পরিবর্তন আসে, যা রিভার্স সুইং এবং স্কিড পেতে সহায়তা করে। তার অভিযোগ, খুলনা বিভাগের খেলোয়াড়রা চুলে ও হাতে ভেসলিন ব্যবহার করে সেখান থেকে বলে ঘষতেন। তিনি আরও দাবি করেন, বিষয়টি আম্পায়ারদের একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি গন্ধহীন ভেসলিন ব্যবহার করায় বিষয়টি শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। তবে ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির কাছে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। এনসিএলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, দলগুলোর পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও আম্পায়াররা এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। ফলে ঘরোয়া ক্রিকেটে বলের কন্ডিশন পরিবর্তনে ভেসলিন ব্যবহারের অভিযোগ ক্রমেই আলোচনায় আসছে। এখন দেখার বিষয়, অভিযোগের সত্যতা যাচাইয়ে বিসিবি কোনো তদন্ত বা প্রয়োজনীয় পদক্ষেপ নেয় কি না। একই সঙ্গে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার সুনাম রক্ষায় কর্তৃপক্ষ কী ভূমিকা রাখে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: ক্রিকবাজ। আরটিভি/এসকে
এবার জাতীয় ক্রিকেট লিগে বল টেম্পারিংয়ের অভিযোগ
টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে অধিনায়কত্বের অভিষেক ঘটিয়ে এই সংস্করণে বিশ্বের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।
টস করতে নেমেই বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী
ইমার্জিং নেশনস ট্রফি / জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা
আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারাল তারা।  শুক্রবার (১৩ নভেম্বর) শুরুতে ব্যাট করতে নেমে ১৩১ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৫ বল ও ৯ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এদিন রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ নারী দল। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রানি মিলে তোলেন ১০৪ রান। তাতেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা। কিন্তু জয় নিয়ে ফিরতে পারেননি সাথী। ৪৩ বলে ৪৫ রান করেন সাজঘরের পথ ধরেন এই বাংলাদেশি ওপেনার। পরের উইকেটে খেলতে নামা শারমিন আক্তারকে নিয়ে জয় নিশ্চিত করেন দিলারা। ফিফটির পর ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। আর ৬ রানে অপরাজিত থাকেন শারমিন। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিনে এনকোমো। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি জিম্বাবুয়ে। ৬ ওভারে আসে বিনা উইকেটে ৩১ রান। সপ্তম ওভারে প্রথম সফলতা বাংলাদেশ। জিম্বাবুইয়ান ওপেনার বিলাভড বিজাকে ১২ রানে ফেরান রাবেয়া খান। পরের উইকেটে নেমে রানের দেখা পাননি শের্ন মেয়ার্স। আর অন্য ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান।  চতুর্থ উইকেটে বড় জুটি পায় জিম্বাবুয়ে। তাতেই দলীয় রান একশ ছাড়িয়ে যায়। ৩০ বলে ৪০ রান করেন চিপো-মুগেরি ত্রিপানো। ৩৫ রান আসে দলনেতা একোমোর ব্যাট থেকে। এছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রাবেয়া খান। দুটি উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস। আর একটি উইকেট নেন রিতুমনি। আরটিভি/এসআর
জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশের মেয়েরা
আরও পড়ুন
যে কারণে কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেল ওমান
নিলামে উঠছে মেসিদের বিশ্বকাপ জয়ের সেই ট্রফি!
বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় বড় অঙ্কের পুরস্কার পেলেন ফুটবলাররা