
চোট কাটিয়ে মাঠে ফিরেই আবারও ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে ডান কনুইয়ে চোট পান তিনি। আপাতত লিটনকে পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ দলের মেডিকেল বিভাগ। তার পরিবর্তে ক্যারিবীয়দের প্রথম ইনিংসে উইকেটকিপিং করছেন জাকের আলী অনিক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টের দ্বিতীয় দিনে লিটনের চোটের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
তিনি জানান, বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে লিটনের ডান কনুইয়ে কনটিউশন হয়েছে। এ কারণে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার পরিবর্তে উইকেটকিপারের দায়িত্ব পালন করছেন জাকের আলী।
লিটনের চোট কতটা গুরুতর, কিংবা তিনি আবার কবে উইকেটকিপিংয়ে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি বিসিবির মেডিকেল বিভাগ।
এর আগে ডান হিপ জয়েন্টের চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগেও তার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে বিশ্রাম ও পুনর্বাসন শেষে অনুশীলনে ফিরে একাদশে জায়গা করে নেন তিনি।
প্রথম দিনের খেলা শেষে ১০ রানে অপরাজিত থাকা লিটন দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত থাকেন। ৮৮ বলের ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকান এই ডানহাতি ব্যাটার।
অন্যদিকে, সাদমান ইসলামের ১০৫ রানের দুর্দান্ত ইনিংসের পরও দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ সাত উইকেট হারায় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা।
এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে লিটনের পরিবর্তে উইকেটের পেছনে দাঁড়ান জাকের আলী অনিক। বাংলাদেশের ১৫ সদস্যের টেস্ট দলে থাকলেও মূল একাদশে জায়গা হয়নি তার। লিটনের চোটের কারণে এবার বদলি উইকেটকিপার হিসেবে মাঠে নামতে হয়েছে তাকে।
এখন লিটনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বাংলাদেশ দলের মেডিকেল বিভাগ। তার চোটের অবস্থা ও মূল্যায়নের ওপরই নির্ভর করছে, চলতি টেস্টে তিনি আবার উইকেটকিপিং করতে পারবেন কি না।
আরটিভি/এসকে




