ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম
ছবি: সংগৃহীত

দেশের নারী ক্রিকেটের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে খেলাটির বিস্তার ঘটাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে স্কুল ক্রিকেট চালুর পাশাপাশি বিভাগীয় পর্যায়ে কোচ নিয়োগের ঘোষণা দিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এবার সেই উদ্যোগ বাস্তবায়নের পথে। নারী ক্রিকেটের জন্য আট বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত করেছে বিসিবি।

বিসিবি সূত্রে জানা গেছে, আট বিভাগে মোট আটজন প্রধান কোচ নিয়োগ দেওয়া হচ্ছে। তাদের মধ্যে পাঁচজন নারী এবং তিনজন পুরুষ কোচ। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে সহকারী কোচ ও ম্যানেজার নিয়োগের বিষয়টিও চূড়ান্ত হয়েছে।

কোচ নিয়োগের ক্ষেত্রে সাবেক ক্রিকেটার এবং লেভেল-১ কোচিং সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে খেলা একাধিক সাবেক ক্রিকেটারও।

বিসিবির এই উদ্যোগের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে নারী ক্রিকেটারদের প্রশিক্ষণ ও পরিচর্যার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে এনে নারী ক্রিকেটের পাইপলাইন আরও সমৃদ্ধ করার লক্ষ্য বোর্ডের।

কোন বিভাগে কারা দায়িত্ব পাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক-

ঢাকা বিভাগ
মাকসুদা লিজা : ম্যানেজার
রেশমা আক্তার আদুরী: প্রধান কোচ
নাদেজা মুনতাহা: সহকারী কোচ

বরিশাল বিভাগ
মাহমুদুল হায়দার: সহকারী কোচ
আখতারুজ্জামান নয়ন: প্রধান কোচ
মুর্শিদা নাজনীন: ম্যানেজার

চট্টগ্রাম বিভাগ
মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী: ম্যানেজার
মোহাম্মদ ইসমাইল: কোচ
পারমিতা দত্ত: সহকারী কোচ

রংপুর বিভাগ
মনিকা আক্তার আশা: ম্যানেজার
আরিফা জাহান বীথি: প্রধান কোচ
মুর্শেদা খাতুন সোমা: সহকারী কোচ

খুলনা বিভাগ
সুলতানা ইয়াসমিন: ম্যানেজার
আয়েশা রহমান শুকতারা: প্রধান কোচ
তাজিয়া আক্তার: সহকারী কোচ

সিলেট বিভাগ
আল ওয়াদুদ সুইট: প্রধান কোচ
শাহনাজ পারভীন: সহকারী কোচ
সেলিনা আক্তার চৌধুরী: ম্যানেজার

রাজশাহী বিভাগ
পান্না ঘোষ: প্রধান কোচ
মোহাম্মদ সান: সহকারী কোচ
ইমরুল কায়েস: ম্যানেজার

ময়মনসিংহ বিভাগ
মৃদুল: প্রধান কোচ
লিলি রানী বিশ্বাস: সহকারী কোচ
সুজন: ম্যানেজার

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ব্যাটার জশ ইংলিস। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণেই অন্তত দুটি করে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এই রেকর্ড গড়লেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লেখান ইংলিস। কেপটাউনে মঙ্গলবার (২৭ অক্টোবর) শুরু হওয়া ম্যাচের তৃতীয় দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শতকের দেখা পান তিনি। দিনের খেলা শুরু করেছিলেন ৮৫ রানে অপরাজিত থেকে। সেঞ্চুরি থেকে মাত্র ১৫ রান দূরে থাকা ইংলিস দিনের নবম ওভারে চার মেরে পূর্ণ করেন তিন অঙ্কের ঘর। তবে একই ওভারে আরেকটি বল খেলেই সাজঘরে ফেরেন তিনি। সাইমন হার্মারের বলে উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটার। ১১টি চার ও দুটি ছক্কায় ১৩৫ বলে ১০২ রান করেন তিনি। এই সেঞ্চুরির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ইংলিসের শতকের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। টেস্ট ও ওয়ানডেতে দুটি করে সেঞ্চুরির পাশাপাশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও দুটি শতক রয়েছে তার। ইংলিসের দুর্দান্ত ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪২৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে ম্যাট রেনশ ৭৪, ক্যামেরন গ্রিন ৬৫ এবং অ্যালেক্স ক্যারি ৮০ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন সাইমন হার্মার। তিনটি উইকেট নেন মার্কো ইয়ানসেন। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১৪০ রান। ফলে সব মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৪০ রানে। আরটিভি/এসকে
অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস
সেঞ্চুরির পর সমালোচকদের কড়া জবাব দিলেন সাদমান
টেস্টে ক্রিকেটে নিয়মিত রান করেন ওপেনার সাদমান ইসলাম। কিন্তু ভালো শুরু করে বড় ইনিংস খেলতে না পারায় অনেক সমালোচনার শিকার হয়েছেন তিনি। তবে এসব সমালোচনাকে মাথায় নিতে চান না মিরপুর টেস্টে সেঞ্চুরি হাঁকানো টাইগার ওপেনার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নিজের প্রস্তুতি নিয়ে সাদমান বলেন, গত কিছুদিন আমি এটা নিয়ে অনেক কাজ করছি। আমার কাছে মনে হচ্ছিল ফিটনেস ইস্যু হতে পারে। আমি ফিটনেস নিয়ে ভালো কাজ করছি, হয়তো ব্যাটিংয়েও সমস্যা ছিল। কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আশরাফুল ভাই ছিলেন, সালাউদ্দিন স্যার ছিলেন। তারাও বলেছেন, কিছু কাজ করলে হয়তো ভালো সাফল্য আসতে পারে। মিরপুরের উইকেটে ব্যাটিংয়ের চ্যালেঞ্জও মাথায় রাখতে হয় বলে মনে করেন সাদমান। তবে উইকেট নিয়ে আগেভাগে বেশি চিন্তা না করে বল বুঝে খেলার পরিকল্পনাতেই আস্থা রেখেছেন তিনি।  তার ভাষায়, উইকেট নিয়ে প্রথম থেকেই চিন্তা করিনি। যে বল আসবে, সেটাই খেলব—এটাই সবসময় পরিকল্পনা ছিল। আমরা দেখেছি, মিরপুরের উইকেটে সকালবেলা বা দিনের শেষে ব্যাটারদের একটু সমস্যায় ফেলে। ক্রিকেট জীবনে এসব আসবেই। ব্যাটিংয়ে ধারাবাহিকতা নিয়ে কাজ করলেও সমালোচনা তার প্রস্তুতিতে প্রভাব ফেলতে দিতে চান না সাদমান। তার কাছে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত অনুশীলন, পরিশ্রম এবং নিজের প্রক্রিয়ায় স্থির থাকা।  এ প্রসঙ্গে তিনি বলেন, সমালোচনা আসবেই জীবনে। আমি এসব নিয়ে খুব কম চিন্তা করি। আমার কাজ খেলা, প্র্যাকটিস করা, হার্ডওয়ার্ক করা। আমি সবসময় এই প্রক্রিয়ার মধ্যে থাকার চেষ্টা করি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান পাওয়াকে পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের সঙ্গেও মিলিয়ে দেখছেন সাদমান। তবে সাম্প্রতিক সময়ে বড় ইনিংস খেলতে না পারার যে ঘাটতি ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যেতে চান তিনি।  টাইগার ওপেনার বলেন, আমার কাজ খেলা, আমি খেলি। কে কখন আসবে, কোন দল আসবে, এটা হয়তো আল্লাহ আমাকে এভাবে রেখেছেন যে ওদের সঙ্গে রান করতে হবে। পুরোটাই হার্ডওয়ার্ক আর লাক। আরটিভি/এসআর
সেঞ্চুরির পর সমালোচকদের কড়া জবাব দিলেন সাদমান
মিরপুর টেস্ট / তাইজুলের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
আলোর স্বল্পতা ও বেরসিক বৃষ্টির কারণে আগেভাগে শেষ হয়েছে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা। শেষ দিকে মিরাজ ও তাইজুলের জোড়া শিকারে পরিস্থিতি বদলে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। ৪ উইকেটে ১৩৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। তারা পিছিয়ে ১৩৮ রানে।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিকরা ২৭২ রানে গুটিয়ে গেছে। তার পর ব্যাট হাতে দারুণ জবাব দেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সেশনের ‍শুরুতে হাসান মাহমুদের বলে একটি উইকেট হারালেও জন ক্যাম্পবেলের ফিফটিতে ১ উইকেটে ৮৯ রান নিয়ে চায়ের বিরতিতে যায় দুই দল।  মেঘলা আকাশের কারণে বিরতিটা আগেভাগেই নিতে হয়েছে। তার পর বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় খেলা।  বিরতির পর মাঠে ফিরেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পর তাইজুল ইসলামের জোড়া আঘাতে মিরপুর টেস্টে চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।  বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর ৩১তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মিরাজ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭৮ বলে ৫৪ রান করা জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দেন তিনি। ক্যাম্পবেলের ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। তার পর ইনিংসের ৩৬তম ওভারে পরপর দুই ব্যাটারকে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। প্রথমে কাভেম হজকে ৭ রানে ফিরিয়ে দেন তিনি। এরপর কোনো রান না করেই তাইজুলের শিকার হন আমির জাঙ্গু। তাতে মিরাজের পর তাইজুলের এই জোড়া আঘাতে ম্যাচে শক্তভাবে ফেরে বাংলাদেশ। ছোটখাটো ধসের পর অবশ্য কোনও ঝামেলা ছাড়াই দিন পার করেন তেজনারায়ণ চন্দরপল (৪৩) ও জাস্টিন গ্রিভস (১৫)। তাইজুল ৪৪ রানে দুটি উইকেট নিয়েছেন। একটি করে নিয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।  আরটিভি/এসআর
তাইজুলের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
আবারও চোটে লিটন, বদলি উইকেটকিপার জাকের আলী অনিক
চোট কাটিয়ে মাঠে ফিরেই আবারও ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় বলের আঘাতে ডান কনুইয়ে চোট পান তিনি।
আবারও চোটে লিটন, বদলি উইকেটকিপার জাকের আলী অনিক
ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসন
ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসন। ডান পায়ের মাংসপেশিতে চোটের কারণে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে বাকি দুই ম্যাচের জন্য কিউই দলে ডাক পেয়েছেন পেসার ম্যাট ফিশার। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটে আগে থেকেই ভুগছে নিউজিল্যান্ড। এর মধ্যে ভারতের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে হচ্ছে তাদের। ব্যস্ত সূচির কারণে পেসারদেরও বেছে বেছে খেলাচ্ছে স্বাগতিকরা। এরই মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটিতেই হেরে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে কিউইরা।  শুক্রবার (৩০ অক্টোবর) এডেন পার্কে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচটির টিকিট আগেভাগেই বিক্রি হয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফার্গুসনের ছিটকে যাওয়া স্বাগতিকদের জন্য বড় ধাক্কা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সময় ডান পায়ের মাংসপেশিতে চোট পান ফার্গুসন। পরবর্তী সময়ে স্ক্যানের মাধ্যমে তার ‘লো-গ্রেড টিয়ার’ ইনজুরি শনাক্ত হয়। সুস্থ হয়ে উঠতে তার আরও প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। এদিকে ডান ঊরুতে ব্যথার কারণে পরীক্ষা করাতে হয়েছে আরেক পেসার ম্যাট হেনরিকে। তারও ‘লো-গ্রেড টিয়ার’ ইনজুরি থেকে সেরে উঠতে এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে। দুই পেসারের চোটে হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘লকি ও ম্যাটের জন্য আমরা বেশ মর্মাহত। আন্তর্জাতিক ক্রিকেটে চোট পাওয়াটা একটি অবিচ্ছেদ্য অংশ। তবে এর কারণে ম্যাচ মিস করতে হলে মেনে নেওয়া মোটেও সহজ নয়।’ তবে হেনরির ক্ষেত্রে কিছুটা স্বস্তির জায়গা রয়েছে বলে জানান কিউই কোচ। তার ভাষ্য, গ্রীষ্মকালীন ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ম্যাট আগে থেকেই টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলো থেকে বিরতি নেওয়ার পরিকল্পনা করেছিল। ওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে, ফার্গুসনও ওয়ানডে সিরিজের আগে ফিট হয়ে দলে ফিরবেন বলে প্রত্যাশা নিউজিল্যান্ডের। আগে থেকেই ওয়ানডে সিরিজের জন্য বিশ্রামে যাওয়ার পরিকল্পনা ছিল ম্যাট হেনরিরও। ঘরের মাঠে ভারতের বিপক্ষে এখন কঠিন পরিস্থিতিতে রয়েছে নিউজিল্যান্ড। টানা তিন টি-টোয়েন্টিতে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ভারত। বাকি দুই টি-টোয়েন্টির পর দুই দল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি টেস্টে মুখোমুখি হবে। ফলে পরবর্তী সিরিজগুলোর আগে চোট কাটিয়ে পেসারদের ফিরে পাওয়া নিউজিল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরটিভি/এসকে
ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন লকি ফার্গুসন
আরও পড়ুন
হঠাৎ সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
নির্বাচনের পরের দিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ