
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ঘোষিত দলে চোট কাটিয়ে ফিরেছেন টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও আনরিখ নরকিয়া। তবে পুনর্বাসন প্রক্রিয়া চলমান থাকায় স্কোয়াডে জায়গা হয়নি পেসার লুঙ্গি এনগিডির।
দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের লড়াকু পারফরম্যান্সের ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষেও ধরে রাখতে চায় তার দল। হাইভেল্ড অঞ্চলের উইকেটে সাধারণত পেস ও বাউন্স বেশি থাকায় পেস বোলিংয়ের বিকল্প বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রোটিয়ারা। তবে সাম্প্রতিক সময়ে ওয়ান্ডারার্সের উইকেটে স্পিনাররাও ভালো সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), মারকেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রেটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
উল্লেখ্য, দুই দল সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। সেই সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এবারও ঘরের মাঠে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে প্রোটিয়ারা।
আরটিভি/এসকে



