
২০১৮ সালের কেপটাউন টেস্টে বহুল আলোচিত স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে আট বছর পর আবারও উত্তাপ ছড়িয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটে। সাবেক ওপেনার উসমান খাজার নতুন বই ‘সাবর’-এ করা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তপ্রক্রিয়ার স্বচ্ছতা ও পূর্ণতা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই ওপেনার।
খাজার দাবি, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন। ব্যাটার, বোলার থেকে শুরু করে সাপোর্ট স্টাফ কেউই বিষয়টির বাইরে ছিলেন না। নিজের বইয়ে খাজা লিখেছেন, ‘আমরা সবাই ছিলাম। ব্যাটার, বোলার কিংবা সাপোর্ট স্টাফ কেউ বাদ ছিল না। আমরা সবাই।’
খাজার এই দাবি প্রত্যাখ্যান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তার বক্তব্যকে শতভাগ সঠিক বলে সমর্থন করেছেন ওয়ার্নার।
ওয়ার্নার বলেন, ‘উজি, আমি তোমাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তুমি যা করেছ, সে জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক।’
তিনি আরও বলেন, ‘এখন সবাই সত্যটা জানে। মানুষ সত্যটা জানতে চেয়েছিল, তুমি সামনে এসে বলেছ। এখন আবার কেউ কেউ প্রশ্ন তুলছে, আট বছর পর কেন? বই বিক্রির জন্য কি না। এটি উসমানের গল্প। সে যা বিশ্বাস করে, সেটিই লিখেছে। সেই দিন থেকে প্রতিটি ঘটনা উসমান লিখে রেখেছে।’
খাজার বক্তব্যকে সমর্থনের পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তপ্রক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ওয়ার্নার। তার অভিযোগ, তদন্তের সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়া ছিল তাড়াহুড়োর এবং ত্রুটিপূর্ণ। এমনকি ঘটনার সময় ড্রেসিংরুমে উপস্থিত থাকা খাজার সাক্ষাৎকারও নেওয়া হয়নি বলে দাবি তার।
ওয়ার্নারের ভাষায়, ‘পুরো সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়াটি ছিল তাড়াহুড়োর এবং ত্রুটিপূর্ণ। উজি তখন ড্রেসিংরুমে ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে ছিলেন। অথচ তার সাক্ষাৎকারই নেওয়া হয়নি। এটাকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়, তা আমার বোধগম্য নয়।’
তবে কাউকে নতুন করে অভিযুক্ত করা নয়, বরং ঘটনার প্রকৃত সত্য ও জবাবদিহি নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য বলে জানিয়েছেন ওয়ার্নার। তিনি বলেন, পুরোনো ক্ষত খুলে দেওয়ার বদলে তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছেই এখন প্রশ্নের জবাব চাওয়া উচিত।
স্যান্ডপেপার-কাণ্ডে বল বিকৃতির দায়ে ২০১৮ সালে ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পেয়েছিলেন। ওয়ার্নার ও স্মিথ এক বছর এবং ব্যানক্রফট নয় মাসের জন্য নিষিদ্ধ হন। পাশাপাশি ওয়ার্নারকে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এই ঘটনার প্রভাব যে তার পরিবারেও পড়েছিল, সেটিও তুলে ধরেছেন ওয়ার্নার। বিশেষ করে তার ১২ বছর বয়সী মেয়ে আইভি জানতে চেয়েছিল, কেন তাদের ঘিরে এত ক্যামেরা ছিল এবং টেলিভিশনে তাঁদের কাঁদতে দেখা গিয়েছিল।
মেয়েদের কাছে ঘটনার ব্যাখ্যা দেওয়া কঠিন ছিল জানিয়ে ওয়ার্নার বলেন, ‘আমি মেয়েদের একটা কথাই বলেছি, সব সময় সত্য কথা বলবে। কারণ মিথ্যা একদিন না একদিন প্রকাশ পাবেই।’
এদিকে ঘটনার সময় অস্ট্রেলিয়া দলের চার পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্পিনার নাথান লায়ন যৌথ বিবৃতিতে জানিয়েছেন, নিউল্যান্ডসের বড় পর্দায় ব্যানক্রফটকে দেখানোর আগপর্যন্ত বলের অবস্থা পরিবর্তনে মাঠে কোনো বিদেশি বস্তু নেওয়ার বিষয়ে তারা কিছু জানতেন না।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন লেম্যানের বক্তব্যেও উঠে এসেছে বল বিকৃতির বিষয়টি। তার মতে, সবাই সবকিছু জানতেন এমনটা মনে করেন না তিনি। তবে বলের অবস্থা পরিবর্তনের ঘটনা সম্পর্কে জানার কথা ছিল বলে মন্তব্য করেছেন লেম্যান। তার মতে, কে কতটা জানতেন, তা প্রত্যেকের ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন।
খাজার বইয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের আরেকটি বিষয়ও উঠে এসেছে। ২০০০ ও ২০১০-এর দশকে ভিক্টোরিয়া দলের পুরোনো বল ব্যবহারের দক্ষতা এবং তা থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ের বিষয়টি উল্লেখ করেছেন তিনি। সব মিলিয়ে আট বছর আগের স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে বিতর্কের কেন্দ্রে এখন অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতি, তদন্তের স্বচ্ছতা এবং প্রকৃত দায়ীদের ভূমিকা।
আরটিভি/এসকে


