
অস্ট্রেলিয়ার ক্রিকেটে স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে চলমান বিতর্কে এবার প্যাট কামিন্সের পাশে দাঁড়ালেন জশ হ্যাজলউড। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়েও নতুন করে ভাবতে হবে বলে জানিয়েছেন এই পেসার।
‘নিউজ কর্প’-কে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজলউড বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন দিক থেকে কামিন্সের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে অধিনায়ক হিসেবে গত পাঁচ-ছয় বছরে কামিন্স যা করেছেন, তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার।
হ্যাজলউডের মতে, অস্ট্রেলিয়া দলকে বর্তমান অবস্থানে নিয়ে আসতে কামিন্স অসাধারণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতে স্যান্ডপেপার-কাণ্ডের মতো ঘটনা যেন আর না ঘটে, সেই পরিবেশ তৈরিতেও সফল হয়েছেন তিনি।
কামিন্সের নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে হ্যাজলউড বলেন, প্রথম টেস্টে মাঠে নামার সময় কামিন্স অধিনায়ক না থাকলে পরিস্থিতি কেমন হতো, তা তিনি কল্পনাও করতে পারছেন না। এমনকি কামিন্সকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলে নিজের খেলা চালিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে তাকে।
সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে ২০১৮ সালের কেপটাউন টেস্টের স্যান্ডপেপার-কাণ্ড। খাজার দাবি, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের অনেকেই আগে থেকে জানতেন। তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ডেভিড ওয়ার্নারসহ আরও কয়েকজন ক্রিকেটার। অন্যদিকে, কামিন্স সংবাদ সম্মেলনে খাজার অভিযোগকে শতভাগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
এই বিতর্কে খাজার পক্ষের বক্তব্যকে সমর্থন করেছেন স্যান্ডপেপার-কাণ্ডে জড়িত ক্যামেরন ব্যানক্রফটও। প্রায় সাড়ে চার হাজার শব্দের এক লেখায় তিনিও দাবি করেন, দলের সবাই বিষয়টি জানতেন। তবে হ্যাজলউডের বক্তব্য, সবাই কিছু জানত বলে ধারণা করা আর প্রত্যেকের বিষয়টি নিশ্চিতভাবে জানা দুটি সম্পূর্ণ আলাদা ব্যাপার।
নিজের সম্পৃক্ততার বিষয়ে হ্যাজলউড বলেন, কেপটাউনের ঘটনার পরপরই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দুই-তিন ঘণ্টার সেই জিজ্ঞাসাবাদে তিনি যা বলেছিলেন, সেটির ওপরই সবচেয়ে বেশি আস্থা রাখেন। কারণ, তখন ঘটনাটি তার স্মৃতিতে একেবারেই সতেজ ছিল।
তিনি স্পষ্ট করেন, স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনায় তার কোনো ভূমিকা ছিল না এবং মাঠে স্যান্ডপেপার কিংবা অন্য কোনো বহিরাগত বস্তু ব্যবহারের বিষয়েও তিনি কিছু জানতেন না।
ব্যানক্রফটের সঙ্গে রিভার্স সুইং নিয়ে আলোচনার বিষয়টি অবশ্য অস্বীকার করেননি হ্যাজলউড। তবে তার দাবি, সেটি ছিল দলের বোলারদের মধ্যে স্বাভাবিক ক্রিকেটীয় কথাবার্তা। ব্যানক্রফট কখনো তাকে বলেননি যে স্যান্ডপেপার ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তন করা হচ্ছে।
হ্যাজলউডের ভাষায়, টেস্ট ক্রিকেটে বলের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যানক্রফটের সঙ্গে কথোপকথনে স্যান্ডপেপার বা মাঠে কোনো বস্তু নিয়ে যাওয়ার প্রসঙ্গ আসেনি।
দলের মধ্যে স্যান্ডপেপার ব্যবহার নিয়ে আগে কোনো আলোচনা হয়েছিল কি না, সে বিষয়েও কিছু জানেন না বলে জানিয়েছেন এই পেসার।
এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কামিন্সের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে। বিতর্কের নতুন করে তদন্ত না করার সিদ্ধান্ত নিলেও সংশ্লিষ্টদের অভিজ্ঞতা জানার জন্য একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে সংস্থাটি। সব মিলিয়ে পুরোনো স্যান্ডপেপার-কাণ্ড ঘিরে অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন করে তৈরি হয়েছে বিভক্তি।
আরটিভি/এসকে




