
ভারতের বিস্ময়বালক ব্যাটার বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। তার বিশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যেই টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ৫০০ রান করার অবিশ্বাস্য কীর্তি গড়তে পারেন মাত্র ১৫ বছর বয়সী এই প্রতিভাবান ক্রিকেটার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পিটারসেন লেখেন, একটা কথা বলে রাখি, আগামী পাঁচ বছরের মধ্যে বৈভব টেস্ট ম্যাচে ৫০০ রান করবে! তার এই মন্তব্য ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এখন পর্যন্ত কোনো ব্যাটার এক ইনিংসে ৫০০ রান করতে পারেননি। সেই অসম্ভব মাইলফলকই বৈভব স্পর্শ করতে পারেন বলে মনে করছেন পিটারসেন।
সম্প্রতি ব্যাট হাতে অবিশ্বাস্য এক ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেন বৈভব। দোহায় এসিসি মেনস রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ইনিংসটি সাজান ২৮টি ছক্কা ও ৭টি চারে। তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০। এর মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন এই বাঁহাতি ব্যাটার।
বৈভবের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিলেন পিটারসেনও। গত ২৪ নভেম্বর এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি তরুণ এই ক্রিকেটারের প্রশংসা করে বলেছিলেন, ক্যারিয়ারের শুরুতেই একের পর এক রেকর্ড গড়া অসাধারণ ব্যাপার। অনেক ক্রিকেটার পুরো ক্যারিয়ারেও যা করতে পারেন না, বৈভব তা পেশাদার ক্যারিয়ারের শুরুতেই করে দেখাচ্ছেন।
এবার সেই প্রশংসার মাত্রা আরও বাড়িয়ে টেস্ট ক্রিকেটে ৫০০ রানের ভবিষ্যদ্বাণী করলেন সাবেক ইংলিশ অধিনায়ক। বৈভবের সাম্প্রতিক পারফরম্যান্সের পর পিটারসেনের এই মন্তব্য তরুণ ভারতীয় ব্যাটারকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
আরটিভি/এসকে




