
২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত সবাই জানতেন ট্রফিটি জিততে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে হিসাব উল্টে গিয়ে পুরস্কারটি জিতেছিলেন রদ্রি। এবার সেই বিতর্কে নতুন তথ্য সামনে এনেছেন স্প্যানিশ ফুটবলার জেনি হারমোসোর ভাই রাফা হারমোসো।
রাফার দাবি, ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগেই ভিনিসিয়ুসকে জানানো হয়েছিল যে তিনিই পুরস্কারটি জিততে যাচ্ছেন। এ কারণে বাড়িতে ব্যালন ডি’অর রাখার জন্য শোকেসে জায়গাও ঠিক করে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাফা লিখেছেন, ওরা তাকে (ভিনিসিয়ুস) বলেছিল যে তিনি ব্যালন ডি’অর জিতবেন, আর ভিনি সেটি রাখার জন্য শোকেসে একটা জায়গা ঠিক করে রেখেছিল।
ওই অনুষ্ঠানে নিজেদের পুরস্কার একে অপরকে দেওয়ারও পরিকল্পনা করেছিলেন ভিনিসিয়ুস ও জেনি। জেনি ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর তুলে দেবেন এবং ভিনিসিয়ুস জেনিকে দেবেন সোক্রেটিস ট্রফি।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলার পর তার সাহসিকতা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে জেনিকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।
তবে অনুষ্ঠানের আগের রাতে পরিস্থিতি বদলে যায়। রিয়াল মাদ্রিদ জানতে পারে, ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রদ্রি। এরপর ক্লাবের প্রতিনিধিদলের সঙ্গে প্যারিসে যাননি ভিনিসিয়ুস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় রিয়াল মাদ্রিদ।
আরটিভি/এসআর




