ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ব্যালন ডি’অর জিতবেন ইয়ামাল, দাবি হোর্হে মেন্দেজের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম
হোর্হে মেন্দেজ। ছবি: সংগৃহীত

চলতি বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে নানা জল্পনা। তবে বিখ্যাত ফুটবল এজেন্ট হোর্হে মেন্দেজের বিশ্বাস, এবারের পুরস্কার জিতবেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল।

ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর ‘এক্স’ অ্যাকাউন্টে প্রকাশিত মেন্দেজের মন্তব্য অনুযায়ী, ব্যালন ডি’অরের জন্য ইয়ামালকেই স্পষ্ট ফেবারিট মনে করছেন তিনি।

মেন্দেজ বলেন, ব্যালন ডি’অর স্পষ্টভাবেই লামিনে ইয়ামালের জন্য।

ইয়ামালের শ্রেষ্ঠত্ব নিয়ে নিজের অবস্থান আরও পরিষ্কার করে এই ফুটবল এজেন্ট বলেন, ইয়ামালই সেরা। অন্য প্রার্থীদের সঙ্গে তার ব্যবধানও খুব স্পষ্ট। আপনারা সবাই সেটা জানেন।

এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ইয়ামালের সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং প্যারিস সেন্ট জার্মেইনের ফাবিয়ান রুইজ ও উসমান দেম্বেলে। ফলে পুরস্কার জয়ের দৌড়ে তারকায় ঠাসা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মেন্দেজের চোখে ইয়ামালই এগিয়ে।

এদিকে বার্সেলোনার একাধিক খেলোয়াড়ের এজেন্ট হিসেবে কাজ করা মেন্দেজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর বার্সেলোনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বৈঠকটি আসন্ন ট্রান্সফার উইন্ডো নিয়ে ছিল না। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার মাত্র কয়েক দিন পরই মেন্দেজ ও লাপোর্তার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন রাফিনিয়া। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি। এ জন্য ভারত ম্যাচ না খেলেই বার্সেলোনায় ফিরেছিলেন। এবার এই ব্রাজিলিয়ান ফুটবলারকে মিস করতে যাচ্ছে কাতালান ক্লাবটি। কোচ হান্সি ফ্লিক নিশ্চিত করলেন, কাতালান জায়ান্টরা পরের দুটি ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে পাবে না। শনিবার গেতাফের বিপক্ষে লা লিগা ও মঙ্গলবার গ্যালাতাসারেইর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন না তিনি।  গত ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচে চোট পান রাফিনিয়া। ৪-২ গোলে সেলেসাওদের জেতা ম্যাচে হাফটাইমে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরে দলের ট্রেনিং ক্যাম্প থেকে নাম প্রত্যাহার করে নেন রাফিনিয়া। ভারতের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে ছিলেন না তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, স্বাস্থ্য পরীক্ষায় ডান ঊরুর পেছনে পেশির টিস্যুতে হালকা ফোলা দেখা গেছে। ম্যাচের আগের দিন শুক্রবার (৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে ফ্লিক জানালেন, পূর্বসতর্কতা হিসেবে রাফিনিয়াকে আপাতত বাইরে রাখা হচ্ছে। ছবিতে কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু এটা বড় ইনজুরি নয়। বার্সেলোনা প্রথম সাত ম্যাচ জিতে লা লিগায় পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে। আগামী ২৫ অক্টোবর প্রথম এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচেই রাফিনিয়াকে পাওয়ার আশা।  ফ্লিকের বিশ্বাস, ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের সেরে ওঠার প্রক্রিয়া ভালোভাবে শেষ হবে এবং গতবারের মতো দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে না তাকে। আরটিভি/এসআর
রাফিনিয়াকে নিয়ে বড় দুঃসংবাদ দিলো বার্সেলোনা
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় ১২ বছরের কারাদণ্ড পেতে যাচ্ছেন চিকিৎসকরা!
ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে অভিযুক্ত চিকিৎসাকর্মীদের সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) আদালতে সমাপনী বক্তব্যে কৌঁসুলিরা অভিযোগ করেন, মৃত্যুর আগে ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত দলটির বিশৃঙ্খল ব্যবস্থাপনা তাকে কার্যত অসহায় ফেলে রেখেছিল। ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের এই তারকা মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর বুয়েনস এইরেসের উপকণ্ঠে তিগ্রে এলাকায় ভাড়া বাড়িতে মারা যান।  হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং তীব্র পালমোনারি এডিমায় (ফুসফুসে তরল জমার একটি অবস্থায়) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। ম্যারাডোনার চিকিৎসায় যুক্ত ছিলেন তার প্রধান চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী ও নার্সরা। মৃত্যুর আগে তাকে যথাযথ চিকিৎসা ও পরিচর্যা দিতে গুরুতর ব্যর্থতার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। সমাপনী বক্তব্যে কৌঁসুলি পাত্রিসিও ফেরাই বলেন, অভিযুক্তদের বিশৃঙ্খল ব্যবস্থাপনা অসুস্থ ম্যারাডোনাকে অসহায় পরিস্থিতিতে ফেলে দিয়েছিল, তাকে তার ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল’। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, চিকিৎসাবিজ্ঞানের নীতির পরিপন্থী কাজ করেছেন এবং যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, সেগুলোও নেননি। অভিযুক্তদের বিরুদ্ধে ‘দোলো ইভেনচুয়াল’ ধারায় অভিযোগ আনা হয়েছে। আইনি পরিভাষাটির অর্থ, কোনো ব্যক্তি তার কর্মকাণ্ডে ক্ষতি হতে পারে জেনেও সেটি চালিয়ে যান। রাষ্ট্রপক্ষ ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছে। অন্য চিকিৎসাকর্মীদের জন্য চার থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের আবেদন করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন নার্স এবং কয়েকজন সমন্বয়কারী। অন্যদিকে, অভিযুক্ত স্বাস্থ্যকর্মীদের দাবি, ম্যারাডোনার মৃত্যু আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না এবং তারা নিজেদের দায়িত্ব পালন করেছেন। প্রত্যেকেই আবার ম্যারাডোনার চিকিৎসায় ব্যক্তিগত দায় এড়িয়ে গেছেন। আরটিভি/এসআর ‎  
ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় ১২ বছরের কারাদণ্ড পেতে যাচ্ছেন চিকিৎসকরা!
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
গত মাসে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক করেছেন ফারহান আলী ওয়াহিদ। ইন্দোনেশিয়ার বিপক্ষে তিনি নিজের প্রথম গোলও করেছিলেন। এবার ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত এই ইংলিশ ফুটবলার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে নাম ঘোষণা করা হয় ফারহানের। ২০১৯ সাল থেকে ফুলহামের সর্বকালের সেরা খেলোয়াড় জনি হেইনেসের নামে বর্ষসেরা একাডেমি খেলোয়াড়দের পুরষ্কৃত করছে ক্লাবটি। ফুলহামের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সম্মিলিত ভোটাভুটির মাধ্যমে একাডেমি থেকে উঠে আসা ফুটবলারকে ‘জনি হেইনেস ট্রফি’ দেওয়া হয়।  ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম জানিয়েছে, ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ী।’  নিজের অনুভূতি জানিয়ে বাংলাদেশের এই ফুটবলার বলেন, এ পুরস্কারের জন্য সতীর্থদের ভোট পাওয়াটা দারুণ ব্যাপার, অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের তালিকায় তাকালে বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু নিয়েও উচ্ছ্বসিত ফারহান। তার ভাষ্য, দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সত্যিই দারুণ এক ব্যাপার ছিল। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং দলের হয়ে একটি গোল করতে পেরে আমি আনন্দিত।  তিনি আরও বলেন, প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছি, আর স্টেডিয়ামের পরিবেশ এই অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য রকম এক উচ্চতায় নিয়ে যায়। উল্লেখ্য, ফারহারের শিকড়টা বাংলাদেশের সিলেটে প্রোথিত। যদিও তার বাবা-মা দুজনেরই জন্ম যুক্তরাজ্যে। ফারহানেরও সেখানেই জন্ম, ২০০৬ সালের ৯ ডিসেম্বর। চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ সেরে তিনি ২০১৯ সালে ফুলহামে পাড়ি জমান।  ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ ছিল ফারহানের। একইসঙ্গে বাংলাদেশও তাকে জাতীয় দলে টানার প্রক্রিয়া শুরু করে গত মে মাসে। তিনি বেছে নেন নাড়ি পোতা লাল-সবুজের দেশকে। আরটিভি/এসআর ‎  
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী সাবেক সুইস ফুটবলার
তিন মেয়াদ ধরে ফিফা সভাপতির দায়িত্ব পালন করছেন জিয়ান্নি ইনফান্তিনো। চতুর্থ মেয়াদেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান হতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এবার নির্বাচনী লড়াইয়ে তার সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম ঘোষণা করেছেন সুইজারল্যান্ডের সাবেক ফুটবলার রেমন ভেগা। ৫৫ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার ফিফা সভাপতি পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে জানিয়েছেন, ফুটবলের সেবা এবং বিশ্ব ফুটবল পরিবারকে ঐক্যবদ্ধ করাই তার মূল লক্ষ্য। ভেগা বলেন, ‘আমার উদ্দেশ্য ফুটবলের সেবা করা এবং যারা এই খেলাকে প্রাণবন্ত করে, তাদের সেবা করা। বিশ্ব ফুটবল পরিবারকে পুনরায় একত্রিত করা, প্রকৃত ও স্থায়ী সংস্কার আনা, একবিংশ শতাব্দীর জন্য ফিফাকে আধুনিক করা, স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার এবং আমাদের খেলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আস্থা পুনর্নির্মাণ করতে নির্বাচনে দাঁড়াচ্ছি।’ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন ভেগা। তার মতে, ফুটবল কোনো ব্যক্তি, সভাপতি কিংবা প্রশাসকের সম্পত্তি নয়; বরং খেলাটির সঙ্গে যুক্ত সবার। তিনি বলেন, ‘ফুটবল কোনো সভাপতি, কনফেডারেশন বা প্রশাসকের সম্পত্তি নয়। ফুটবল যেকোনো পদ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে বড়। এটি জনগণের খেলা এবং এটি সবার ফুটবলার, কোচ, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক, ক্লাব, লিগ, অ্যাসোসিয়েশন এবং সেইসব সম্প্রদায়ের, যারা ফুটবলকে জীবন্ত করে।’ দীর্ঘদিনের নেতৃত্বের কারণে ফিফার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেছেন ভেগা। ইনফান্তিনোর নেতৃত্বাধীন বর্তমান ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘বর্তমান নেতৃত্ব খেলাটির মনোবল ভেঙে দিয়েছে। দুর্বল শাসনব্যবস্থা ফিফার বিশ্বাসযোগ্যতার ক্ষতি করেছে এবং বিশ্ব ফুটবল পরিবারে আস্থা ক্ষুণ্ণ করেছে। এই সংঘাতকে আরও বাড়তে দেওয়া আমাদের অবশ্যই থামাতে হবে।’ স্প্যানিশ অভিবাসী দম্পতির সন্তান রেমন ভেগা বেড়ে উঠেছেন সুইজারল্যান্ডে। ১৩ বছরের বেশি সময়ের খেলোয়াড়ি ক্যারিয়ারে দেশটির কয়েকটি ক্লাবে খেলার পর ১৯৯৭ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে ১৯৯৮-৯৯ মৌসুমে জেতেন ইংলিশ লিগ কাপ। পরে ধারে সেল্টিকে খেলতে গিয়ে ২০০০-০১ মৌসুমে জেতেন স্কটিশ ট্রেবল। ক্যারিয়ারের শেষ দিকে খেলেছেন ওয়াটফোর্ডেও। সুইজারল্যান্ড জাতীয় দলের হয়েও ২৩টি ম্যাচ খেলেছেন সাবেক এই সেন্টার ব্যাক। বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে দেশটির হয়ে অংশ নেন তিনি। ২০০৩ সালে মাত্র ৩২ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানান ভেগা। এর আগে ২০১৯ ও ২০২২ সালেও ফিফা সভাপতি নির্বাচনে ভেগার প্রার্থী হওয়ার গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচনী দৌড়ে নামেননি তিনি। এবার আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের পথের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে সামনে আনলেন সাবেক এই সুইস ফুটবলার। আরটিভি/এসকে
ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী সাবেক সুইস ফুটবলার
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
আর্জেন্টিনার জার্সিতে বিদায়ের রাতটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচে পরা জার্সিগুলোর একটি নিজের হাতে স্বাক্ষর করে উপহার দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিদায়ের রাতেই ভক্তদের জন্য মেসির বিশেষ উপহার
আরও পড়ুন
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
ইয়ামালের খোঁচার জবাব দিলেন কেইন
কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম
এমবাপের চেয়ে ব্যালন ডি’অর জয়ে আমি বেশি যোগ্য: ইয়ামাল