
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুন বাস্তবতায় প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ-পরবর্তী প্রথম ফিফা উইন্ডোতেই ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচের চেয়েও বেশি আলোচনায় রয়েছে দুটি বিষয় কোচ লিওনেল স্কালোনি থাকছেন কি না এবং জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসিকে আবার দেখা যাবে কি না।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলের তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার কথা তাদের। এরপর ৩ অক্টোবর ও ৬ অক্টোবর বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টালে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।
তবে প্রতিপক্ষ, ম্যাচের তারিখ ও ভেন্যু নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চূড়ান্ত ঘোষণার আগে ফিফার অনুমোদনও প্রয়োজন। পাশাপাশি ম্যাচগুলো ফিফার ‘ক্লাস এ’ মর্যাদা পাবে কি না, সেটিও নির্ধারণ করা হবে।
ম্যাচগুলো ক্লাস এ হিসেবে স্বীকৃতি পেলে বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় নিষেধাজ্ঞা পাওয়া লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এসব ম্যাচে শাস্তি শেষ করার সুযোগ পাবেন।
তিন ম্যাচের সম্ভাব্য সূচি তৈরি হলেও আর্জেন্টিনার সবচেয়ে বড় অনিশ্চয়তা এখন কোচের পদ নিয়ে। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।
এএফএ চায়, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিই জাতীয় দলের দায়িত্বে থাকুন। সংস্থাটির পক্ষ থেকে কোচকে নিজেদের এই ইচ্ছার কথাও জানানো হয়েছে। তবে এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি স্কালোনি।
স্কালোনিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়া দিতে চাইছে না এএফএ। বরং তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করে বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সংস্থাটি। স্কালোনির কোচিং স্টাফের অধিকাংশ সদস্যও তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী বলে জানা গেছে।
তবে স্কালোনির ভবিষ্যতের পাশাপাশি আর্জেন্টিনার সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল লিওনেল মেসিকে ঘিরে।
গত মাসের শেষ দিনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ফলে বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে তিন ম্যাচের কোনো একটিতে মেসিকে আবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে কি না, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মেসির সিদ্ধান্ত বদলানোর কোনো নিশ্চয়তা এখনো নেই। তাই সম্ভাব্য এই তিন ম্যাচে তার অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে মেসিকে আবার মাঠে দেখা যাবে কি না, সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে এএফএর আনুষ্ঠানিক ঘোষণা ও মেসির সিদ্ধান্তের জন্য।
আরটিভি/এসকে


