
২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। আর ২০২৯ সালের শিরোপার লড়াই বসবে স্পেনের বার্সেলোনার সংস্কার করা ক্যাম্প ন্যুতে।
মঙ্গলবার থেসালোনিকিতে অনুষ্ঠিত উয়েফার নির্বাহী কমিটির সভায় বিডিং প্রক্রিয়া শেষে ভেন্যু দুটি চূড়ান্ত করা হয়।
আলিয়াঞ্জ অ্যারেনায় এটি হবে চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ফাইনাল। এর আগে ২০১২ ও ২০২৫ সালে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল বায়ার্ন মিউনিখের মাঠটিতে।
অন্যদিকে, ক্যাম্প ন্যুতে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল ১৯৯৯ সালে। দীর্ঘ বিরতির পর সংস্কার করা ঐতিহাসিক স্টেডিয়ামটি আবারও ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের সাক্ষী হবে।
নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যুও নির্ধারণ করেছে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে ফ্রান্সের লিঁওর পার্ক অলিম্পিক লিঁওনে। এক বছর পর, ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েলসের কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে।
এর আগে ২০২৭ সালের পুরুষ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক হিসেবে নির্ধারিত হয়েছে স্পেনের মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়াম। একই বছর নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে পোল্যান্ডের ওয়ারশতে।
এদিকে ইউরোপা লিগের ফাইনালের ভেন্যুও চূড়ান্ত করেছে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে রোমানিয়ার বুখারেস্টের ন্যাশনাল অ্যারেনায়। ২০২৯ সালের ফাইনালের আয়োজক হিসেবে থাকছে সার্বিয়ার বেলগ্রেড ন্যাশনাল স্টেডিয়াম।
আরটিভি/এসকে


