
স্পেনের সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে মজার মন্তব্য করে হাসির খোরাক জুগিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। সম্ভাব্য বিজয়ী সম্পর্কে প্রশ্ন করা হলে রসিকতা করে তিনি বলেন, ভোট দেওয়ার সুযোগ পেলে নিজেকেই ভোট দিতেন। তবে পুরস্কার জয়ের দৌড়ে থাকা সতীর্থদের নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি।
স্পেনের আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে কথা বলেন কুকুরেয়া। এ সময় ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ী নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে যদি ভোট দিতে হতো, আমি নিজেকেই ভোট দিতাম।
তবে নিজের এই রসিকতার পরই বিষয়টি পরিষ্কার করেন স্প্যানিশ এই ডিফেন্ডার। মনোনীতদের মধ্যে তার দুই ক্লাব সতীর্থ থাকায় বিজয়ী যে-ই হোন, তাতে তার আপত্তি নেই বলে জানান তিনি।
কুকুরেয়ার ভাষায়, সৌভাগ্যবশত, সত্যি বলতে মনোনীতদের মধ্যে দুজন আমার সতীর্থ। যে যোগ্য, সে-ই জিতুক। যেই জিতুক, আমি খুশি হব। যারা ভোট দেন, সিদ্ধান্তটা তাদের ওপরই ছেড়ে দিচ্ছি।
সতীর্থদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি পুরস্কার জিতলে তাঁদের কাছ থেকে ছোটখাটো উপহার পাওয়ার আশাও মজার ছলে প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে কুকুরেয়ার জনপ্রিয়তার বিষয়টিও উঠে আসে। স্প্যানিশ সমর্থকদের মধ্যে নিজের জনপ্রিয়তার কারণ সম্পর্কে নিশ্চিত নন এই ডিফেন্ডার। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর ব্যতিক্রমী চেহারাও মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে বলে মনে করেন তিনি।
এদিকে জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স করলেও ক্লাব ফুটবলে নিজের সেরা ছন্দে ফিরতে আরও সময় প্রয়োজন বলে স্বীকার করেছেন কুকুরেয়া। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এবং সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বাড়ানোকে গুরুত্ব দিচ্ছেন তিনি।
কুকুরেয়া বলেন, জাতীয় দলে আমি অনেক ম্যাচ খেলেছি। অন্যদিকে, মাদ্রিদ আমার জন্য নতুন একটি ক্লাব এবং আমরা প্রায় কোনো প্রাক-মৌসুমও পাইনি। আমি ১০টিরও কম ম্যাচ খেলেছি।
তিনি আরও বলেন, অবশ্যই এমন কিছু বিষয় আছে, যেগুলো আমাকে উন্নত করতে হবে এবং সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে আমি নিজের সেরাটা দিতে ও কঠোর পরিশ্রম করতে চাই, যাতে জাতীয় দলে যে কুকুরেয়াকে দেখা যায়, রিয়াল মাদ্রিদেও যেন সেই সংস্করণটিই দেখা যায়।
সূত্র: গোল ডটকম
আরটিভি/এসকে




