
সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত ঐতিহাসিক এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। ‘ব্লু টাইগার্স’দের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেলেসাওরা।
শনিবার (৩ অক্টোবর) রাত আটটায় অনুষ্ঠিত হয় ফিফার অন্তর্ভুক্ত এই গুরুত্বপূর্ণ ম্যাচটি।
এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ব্রাজিল। ভারতও সমান তালে পাল্লা দিতে থাকে। তবে লক্ষ্যভেদ করতে পারছিলো না কেউই।
অবশেষে ২৮ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। এস্তেভাও একাই বল নিয়ে ঢুকে পড়ে বক্সের ডানদিক থেকে জোড়ালো শটে গোল করেন। বল ভারতীয় গোলরক্ষকের হাতে লাগলেও শটের গতির কারণে তিনি সেটা ধরে রাখতে পারেননি।
প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের পর আরও একটি সুযোগ পায় ব্রাজিল। তবে পেদ্রোর নেওয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে। তবে সেই ভুল শোধরাতে বেশি সময় নেননি তিনি। ৪২তম মিনিটে জোড়ালো এক শটে লক্ষ্যভেদ করেন এ ফ্লামেঙ্গো স্ট্রাইকার।
জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিরতির পর আগের মতোই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ল্যাটিন আমেরিকানরা। তবে ব্যবধান বাড়াতে বেশ বেগ পেতে হয় তাদের। মোটামুটি ভালো রক্ষণভাগের পরিচয় দেয় স্বাগতিক নীল শিবির।
পেদ্রোর অ্যাসিস্টে ৫৮ মিনিটে বক্সের বাঁদিক দিয়ে ঢুকে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের হয়ে এর আগে মাত্র একটি ম্যাচ খেলা স্যামুয়েল লিনো।
৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু রায়ান উইলিয়ামস-মানভির সিংরা গোলরক্ষককে অনেকটাই একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। ইনজুরি টাইমে আরও এক গোল করে গোলের হালি পূরণ করেন লিনো। ভারতও চেষ্টা করে তবে ব্রাজিলের রক্ষনভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।
আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) একই মাঠে আরেক দক্ষিণ আমেরিকান দল ও দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মোকাবিলা করবে ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।
আরটিভি/টিআর


