ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারের’ স্বীকৃতি দিলো স্পেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পিএম
মেসিকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারের’ স্বীকৃতি দিলো স্পেন। ছবি: এএফপি

বর্ণাঢ্য ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিতে কাজ করার স্বীকৃতিস্বরূপ স্পেনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। জুনে প্রিন্সেস অব আস্তারিয়াস ক্রীড়া পুরস্কারের জন্য নির্বাচিত হন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।

জুরিবোর্ড তাকে ‘সর্বকালের সবচেয়ে সফল ফুটবলার’ হিসেবে অভিহিত করার পাশাপাশি তার সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন।

শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তারিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যাগপাইপ ও ঢোলের শব্দের মধ্যে মেসি পৌঁছালে আর্জেন্টিনার ফুটবল জার্সি পরা কয়েক ডজন সমর্থক উল্লাস ও তার নাম ধরে স্লোগান দেন।

স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনরের কাছ থেকে আনুষ্ঠানিক সনদ গ্রহণ করেন মেসি। তাঁর নামেই পুরস্কারগুলোর নামকরণ করা হয়েছে। পরে প্রিন্সেস লিওনর মেসির ‘অনন্য ক্যারিয়ারের’ প্রশংসা করেন।

লিওনর বলেন, খেলা বুঝে এবং এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নিয়ে তিনি অসাধারণ বিষয়কেও নিয়মিত ঘটনায় পরিণত করেছেন। একই সঙ্গে ব্যক্তিগত অহংকারের ঊর্ধ্বে উঠে দলগত চেতনার প্রতি শ্রদ্ধা বজায় রেখেছেন।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি আটটি ব্যালন ডি’অর, একটি বিশ্বকাপ এবং ক্লাব পর্যায়ে অসংখ্য শিরোপা জিতেছেন।

বার্সেলোনায় ২১ বছর কাটিয়েছেন তিনি। পেপ গার্দিওলা ও লুইস এনরিকের অধীনে স্পেন ও ইউরোপের ফুটবলে আধিপত্য বিস্তার করা দলের সদস্য ছিলেন মেসি।

২০২১ সালে কাতালান ক্লাবটি ছাড়ার পর ফরাসি জায়ান্ট পিএসজিতে দুই বছর খেলেন তিনি। বর্তমানে মেজর লিগ সকার দল ইন্টার মায়ামির হয়ে খেলছেন আর্জেন্টাইন এই অধিনায়ক।

আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, অ্যাসিস্টদাতা ও সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার মেসি চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এ সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে বৃহস্পতিবার ওভিয়েদোতে শিশুদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মেসি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কীভাবে হারতে হয় এবং কীভাবে জিততে হয়, তা জানা।” ফুটবলে এই মানসিকতাকে তিনি ‘মৌলিক’ বলে উল্লেখ করেন।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত প্রিন্সেস অব আস্তারিয়াস পুরস্কার স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর অন্যতম। এ পুরস্কারের সঙ্গে ৫০ হাজার ইউরো (৫৬ হাজার ডলার) অর্থমূল্য দেওয়া হয়।

শিল্পকলা, বিজ্ঞান ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে মানবিক সহাবস্থান, সংহতি এবং বৈশ্বিক সহযোগিতা উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার পুরস্কার গ্রহণ করা অন্য বিজয়ীদের মধ্যে ছিলেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, পথপ্রদর্শক মার্কিন মহাকাশচারী ক্রিস্টিনা কোচ এবং সংগীত তারকা প্যাটি স্মিথ।

এর আগে ক্রীড়া বিভাগে এ পুরস্কার পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথনে রেকর্ড গড়া এলিউড কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!
ব্যালন ডি’অরের সেরা পুরুষ কোচের পুরস্কার জয়ের দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকেকে পেছনে ফেলে পুরস্কার জয়ের পথে রয়েছেন তিনি।
ফাঁস হয়ে গেল ব্যালন ডি’অরে সেরা কোচের নাম!
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ও মাহি খান।
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। পেশাদার ফুটবলে সর্বশেষ খেলার ১১ বছর পর ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৪৬ বছর বয়সী সাবেক এই তারকা।
১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের উদ্বোধনী ম্যাচে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকুর হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই গোলের দেখা পায়নি।
ওয়েলসকে রুখে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য। সোমবার (২৬ অক্টোবর) লন্ডন প্যালাডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারদের সম্মানিত করা হবে।
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
আরও পড়ুন
নতুন দুই মুখ নিয়ে সাফের দল ঘোষণা বাংলাদেশের
এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
মেসিকে এক নজর দেখার জন্য হাত কাটলেন তরুণ
আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে আজকের খেলা