
সরাসরি খেলা সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সম্প্রচার স্বত্ব পেয়েছে মার্কিন এই স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। তবে এ স্বত্ব কার্যকর হবে শুধু স্পেন ও অ্যান্ডোরায়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে নেটফ্লিক্স।
চুক্তি অনুযায়ী, স্পেনের দর্শকদের জন্য প্রতিদিন অন্তত একটি ম্যাচ বিনামূল্যে সরকারি টেলিভিশনে সম্প্রচারের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি স্বাগতিক স্পেনের সব ম্যাচ, দুটি সেমিফাইনাল ও ফাইনালও বিনামূল্যে দেখার সুযোগ থাকবে।
তবে এ সম্প্রচার স্বত্বের জন্য ঠিক কত অর্থ ব্যয় করেছে নেটফ্লিক্স, তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। এর আগে ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেতে স্পেনের সরকারি সম্প্রচারক সংস্থা আরটিভিই প্রায় ৬১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছিল।
ফিফার সঙ্গে নেটফ্লিক্সের অংশীদারত্ব সাম্প্রতিক সময়ে আরও বিস্তৃত হয়েছে। এর আগে ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপের যুক্তরাষ্ট্র ও কানাডা অঞ্চলের সম্প্রচার স্বত্বও পেয়েছে প্রতিষ্ঠানটি।
২০৩০ সালে ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ এই আসর। টুর্নামেন্টের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী তিনটি ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে।
চুক্তি প্রসঙ্গে নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার বেলা বাজারিয়া বলেন, স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য নিজেদের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকে স্বাগত জানানো এবং নেটফ্লিক্সে সরাসরি তা উপভোগ করা এক অনন্য ও রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করবে।
সাম্প্রতিক বছরগুলোতে সরাসরি খেলা সম্প্রচারে বিনিয়োগ বাড়িয়েছে নেটফ্লিক্স। ডব্লিউডব্লিউই, বক্সিং, এমএমএ, এনএফএল ও এমএলবির মতো ক্রীড়া আয়োজনের সম্প্রচারে যুক্ত হওয়ার পর ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জন প্রতিষ্ঠানটির ক্রীড়াভিত্তিক কনটেন্ট সম্প্রসারণের নতুন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরটিভি/এসকে


