
কোচ পরিবর্তনেও ভাগ্য বদলাল না ম্যানচেস্টার ইউনাইটেডের। নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে প্রথম ম্যাচেই লিভারপুলের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা। অ্যানফিল্ডে ম্যাচের শুরুতেই লাল কার্ড ও দুই গোল হজম করে কার্যত ছিটকে যায় সফরকারীরা।
ম্যাচের প্রথম ১৩ মিনিটেই বিপর্যয়ে পড়ে ম্যানইউ। অষ্টম মিনিটে বক্সের বাইরে আলেক্সান্দার আইসাককে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ইউনাইটেড ডিফেন্ডার লেনি ইয়োরো। ওই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকে ডমিনিক সোবোসলাই গোল করে এগিয়ে দেন লিভারপুলকে।
এরপর আক্রমণের ধারাবাহিকতায় ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বাঁ দিক থেকে রিও এনগুমোহার বাড়ানো ক্রসে দুরূহ কোণ থেকে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন ফ্লোরিয়ান উইর্টজ। মাত্র ১৩ মিনিটের মধ্যে দুই গোল ও একজন খেলোয়াড় হারিয়ে ম্যাচে কঠিন চাপে পড়ে ম্যানইউ।
প্রথমার্ধে আর কোনো গোল হজম না করলেও ঘুরে দাঁড়ানোর মতো কোনো পথ খুঁজে পায়নি পচেত্তিনোর দল। অন্যদিকে দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি কিছুটা কমিয়ে দেয় লিভারপুল।
তবে ম্যাচের তৃতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ব্রাডলি বারকোলার পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন এনগুমোহা। এরপর শেষ দিকে উইর্টজের বাড়ানো বলে ভিক্টর মুনেজ গোল করলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় লিভারপুলের।
ম্যাচের একপর্যায়ে লিভারপুল সমর্থকেরা ম্যানইউকে বিদ্রূপ করে ‘নেমে যাও’ স্লোগান দিতে থাকেন। অ্যানফিল্ডে এই হার যেন ইউনাইটেডের চলমান সংকটকে আরও গভীর করল।
পরিসংখ্যানও ম্যানইউর দুরবস্থার সাক্ষী। ১৯৩৭ সালের পর প্রথমবার অ্যানফিল্ডে শেষ তিনে থেকে খেলতে নেমেছিল তারা। সেবারও লিভারপুলের কাছে হারের পর রেলিগেশনে থেকে মৌসুম শেষ করেছিল ক্লাবটি।
এই হারের পর ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৯ নম্বরে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তলানিতে থাকা ক্রিস্টাল প্যালেসের চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে তারা। অন্যদিকে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে লিভারপুল।
আরটিভি/এসকে




