
অনলাইন জুয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান ও লেস্টার সিটির জার্সির মূল স্পন্সর ‘বিসি ডট গেম’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ পেয়েছেন রাশিয়ান অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটর ও ই-স্পোর্টস স্ট্রিমার ইভা এলফি। আর এই ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে লেস্টার সিটির সমর্থকদের ‘ফক্সেস ট্রাস্ট’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পন্সর প্রতিষ্ঠানটির প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে ইভা এলফিকে এক ডেলিভারিম্যানের সামনে আবেদনময় ভঙ্গিতে হাজির হতে দেখা যায়।
সমর্থক গোষ্ঠীর মতে, এই ধরনের বিতর্কিত প্রচারণার সঙ্গে নিজেদের ব্র্যান্ডকে যুক্ত করে লেস্টার সিটি তাদের ঐতিহ্যবাহী ‘পারিবারিক ও সুশৃঙ্খল ক্লাব’-এর ভাবমূর্তি থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে।
কারাসাও ভিত্তিক এই অনলাইন ক্যাসিনো প্রতিষ্ঠানটি ২০২৪-২৫ মৌসুমের শুরু থেকেই লেস্টার সিটির প্রধান জার্সি স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে। তবে প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যে কোনো বৈধ অপারেটিং লাইসেন্স নেই। লেস্টার সিটির সমর্থক গোষ্ঠী শুরু থেকেই এই চুক্তির বিরোধিতা করে আসছিল।
এক বিবৃতিতে ফক্সেস ট্রাস্ট জানিয়েছে, ক্লাব কর্তৃপক্ষ কেবল একটি জুয়া কম্পানির সঙ্গেই হাত মেলায়নি, বরং এমন একটি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে যার যুক্তরাজ্যে কোনো লাইসেন্স নেই, যাদের অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন রয়েছে এবং যারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া খেলার সুযোগ দেয়। আর এখন তার সঙ্গে যুক্ত করা হলো এমন একজনকে যিনি অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে পরিচিতি পেয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, জুয়া এবং পর্নোগ্রাফি—উভয়ই মানুষের জীবনে, বিশেষ করে তরুণদের জীবনে মারাত্মক ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে। এই ধরনের অংশীদারি সেই দুই জগতকে আরো বড় দর্শকদের সামনে নিয়ে আসছে এবং ক্লাবের নামের সঙ্গে তাদের যুক্ত করছে। আমরা কি সত্যিই এখন এমন ক্লাব হতে যাচ্ছি?
‘আমাদের মৌসুম শেষের সমীক্ষায় দেখা গেছে ৭৩ শতাংশ সমর্থক এই স্পন্সরশিপ নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেছেন, যেখানে মাত্র ৫ শতাংশ সমর্থক সন্তুষ্ট ছিলেন। ভক্তদের প্রতি আমাদের আহ্বান থাকবে, জার্সিতে ওই প্রতিষ্ঠানের লোগো ছাড়া সংস্করণটিই যেন তারা ক্রয় করেন।’
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ‘কোলিশন টু এন্ড গ্যাম্বলিং অ্যাডস’ লেস্টার সিটিকে চিঠি দিয়েছিল এবং যুক্তরাজ্যের জুয়া নিয়ন্ত্রণকারী সংস্থা ‘গ্যাম্বলিং কমিশন’-কে জুয়া পরিচালনাকারী প্রতিষ্ঠানটির প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিল।
তাদের দাবি ছিল, ‘বিসি ডট গেম’ যুক্তরাজ্যে লাইসেন্সপ্রাপ্ত না হলেও খুব সহজেই তাদের প্ল্যাটফর্মটি ব্যবহার করা সম্ভব হচ্ছে।
বিতর্ক বাড়তেই লেস্টার সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের প্রধান পার্টনারের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা ক্লাব অনুধাবন করছে। আমরা তাদের সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছি এবং উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছি।
আরটিভি/এসআর




