-1794662745-415767_1794662777.jpg)
চলমান সাফের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এই ম্যাচে ম্যান ইন গ্রিনদের হারিয়ে ফাইনালের টিকিট পেতে মরিয়া লাল-সবুজের প্রতিনিধিরা। এ জন্য শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছেন অধিনায়ক হামজা চৌধুরী।
অ্যাকিলিস টেন্ডনের চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তার জায়গায় রাইট-ব্যাক পজিশনে একাদশে ফিরছেন শ্রীলঙ্কার বিপক্ষে বদলি হিসেবে নামা রহমত মিয়া। অন্য পরিবর্তনটি আসছে আক্রমণভাগে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলা মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে শুরুর একাদশে ফিরেছেন জাপান প্রবাসী ফরোয়ার্ড শুকি ইতোফুসাকে।
গোলপোস্টের নিচে মেহেদী হাসান শ্রাবণ, রক্ষণে রহমত মিয়া ও আক্রমণে রাকিব হোসেন—এই তিন দেশি ফুটবলারের সঙ্গে একাদশের বাকি আটটি জায়গাই থাকছে প্রবাসীদের দখলে।
রক্ষণে তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদের সঙ্গে মাঝমাঠ সামলাবেন হামজা চৌধুরী, সমিত সোম ও কাজেম কিরমানি। আর আক্রমণভাগে রাকিবের সঙ্গী হবেন দুই প্রবাসী শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।
গ্রুপ পর্বে কোনো গোল হজম না করেই ৫ গোল দিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে শেষ চারের লড়াইয়ে স্বাগতিকদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত পাকিস্তানও। ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট হওয়ায় গ্রুপ পর্বে খেলতে না পারা পাঁচ প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় শক্তি বেড়েছে তাদের।
আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদ স্কোয়াডে ফেরায় কোচ নলবার্তো সোলানোর হাতে বিকল্প বেড়েছে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৩-২ গোলে হার দিয়ে শুরু করলেও মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, তারিক রায়হান কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, সমিত সোম, কাজেম শাহ, রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।
আরটিভি/এসআর


