
চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে চায়নিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টে সপ্তম স্থান নিশ্চিত করে আসর শেষ করেছে লাল-সবুজের যুব দল।
চায়নিজ তাইপের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে একের পর এক আক্রমণ তৈরি করে যুবারা। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ রিফাত। এছাড়া একটি করে গোল করেন মুন্না ইসলাম, তৈয়ব আলী ও মোহাম্মদ আব্দুল্লাহ।
আগামী যুব হকি বিশ্বকাপের আয়োজক ভারত। জুনিয়র এশিয়া কাপে সপ্তম স্থান অর্জনের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
এর আগে সর্বশেষ যুব বিশ্বকাপেও খেলেছিল বাংলাদেশ। এবারও বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপে অংশ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে গ্রুপ পর্বে তিন ম্যাচেই হারের পর ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপের আশা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সপ্তম স্থান অর্জনের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করল বাংলাদেশের যুবারা।
আরটিভি/এসকে


