
অনলাইন কনটেন্টে অহেতুক যৌনতা ও হিংসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই পদক্ষেপের অংশ হিসেবে মোট ২৪টি ওটিটি (OTT) অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অভিযুক্ত এসব প্ল্যাটফর্মে অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। কয়েকটি অ্যাপের বিরুদ্ধে ‘সফট পর্ন’ প্রচারের অভিযোগও রয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোর নাম প্রকাশ করেছে। তালিকায় রয়েছে— ‘অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নবরস লাইট’, ‘গুলাব’ সহ আরও বেশ কিছু নাম।
কী অভিযোগ?
মন্ত্রণালয়ের অভিযোগ, এসব প্ল্যাটফর্ম ভারতের তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা ৬৭ এবং ৬৭এ, ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ধারা ২৯৪, এবং নারীকে অশ্লীলভাবে উপস্থাপন প্রতিরোধ আইন ১৯৮৬-এর ধারা ৪ লঙ্ঘন করেছে।
উল্লেখযোগ্যভাবে—
. আইটি অ্যাক্টের ৬৭ ধারা অনুযায়ী, অনলাইনে কোনো ধরনের অশ্লীল কনটেন্ট প্রকাশ নিষিদ্ধ।
. ৬৭এ ধারা যৌন উত্তেজক কনটেন্ট শেয়ার করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করেছে।
. ধারা ২৯৪ অনুযায়ী, সিনেমা বা গানে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ।
. ১৯৮৬ সালের আইনে নারীর শরীর অশ্লীলভাবে উপস্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ।
মন্ত্রণালয় জানিয়েছে, এই অ্যাপ ও ওয়েবসাইটগুলোর কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। এছাড়া, ভারতের অভ্যন্তরে এসব অ্যাপ ও ওয়েবসাইট যেন আর দেখা না যায়, সে জন্য কড়া প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই সিদ্ধান্ত ভারতের ডিজিটাল কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জনসাধারণকে আরও সুরক্ষিত এবং স্বাস্থ্যকর বিনোদন দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।
তথ্যসূত্র: ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি।
আরটিভি/এসকে




