
ইনস্টাগ্রাম ইউটিউবের মতো নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। প্ল্যাটফর্মটি ‘পিকচার-ইন-পিকচার’ (PiP) মোড চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ বন্ধ করলেও ছোট ভেসে থাকা উইন্ডোতে রিলস দেখতে পারবেন। এতে ভিডিও চলতে থাকবে, অন্যদিকে ব্যবহারকারী একই সঙ্গে মেসেজ রিপ্লাই, রাইড বুকিং বা অন্য অ্যাপ ব্যবহার করতে পারবেন।
প্রথমে এই ফিচারের তথ্য ফাঁস করেন অ্যাপ গবেষক রাদু অন্সেস্কু। পরে মেটা টেকক্রাঞ্চকে নিশ্চিত করেছে যে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে। যাদের অ্যাকাউন্টে ফিচারটি সক্রিয় থাকে, তাদের কাছে একটি পপ-আপ আসবে, যেখানে ‘পিকচার-ইন-পিকচার’ ব্যবহারের নির্দেশনা থাকবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার চালু হলে ব্যবহারকারীর অ্যাপ ব্যবহার বৃদ্ধি পাবে এবং রিলসের ভিউ ও রিটেনশন টাইমও বাড়বে। বিশেষত দীর্ঘ রিলস তৈরি করা ক্রিয়েটরদের জন্য এটি সহায়ক হবে। চাইলে ব্যবহারকারীরা এই ফিচার বন্ধও করতে পারবেন। কোনো রিল দেখার সময় ডান পাশে থাকা তিন-ডট মেনু থেকে ‘পিকচার-ইন-পিকচার’ টগল অফ করতে হবে।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন, খুব শিগগিরই রিলসে ‘পিকচার-ইন-পিকচার’ মোড চালু হবে। যদিও ইউটিউব ও টিকটক এই ফিচার অনেক আগে চালু করেছে, ইনস্টাগ্রাম এতদিন এটি কার্যকর করেনি। বর্তমানে এটি সীমিত পরিসরে পরীক্ষাধীন থাকলেও, সকলের জন্য কখন উন্মুক্ত হবে তা এখনো নিশ্চিত নয়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরটিভি/এসকে




