
ভিডিও কনফারেন্সিং জগতের জনপ্রিয় প্ল্যাটফর্ম জুম তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক (এআই) সহকারী ‘এআই কম্পেনিয়ন ৩.০’ এখন সাধারণ ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করেছে। এর ফলে জুমের ওয়েব সংস্করণে এখন থেকে বিনা মূল্যে বা ‘বেসিক প্ল্যান’ ব্যবহারকারীরাও নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে এআই সহকারীর বিভিন্ন উন্নত ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।
জুম কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, ফ্রি প্ল্যানের গ্রাহকরা প্রতি মাসে সর্বোচ্চ তিনটি মিটিং বা বৈঠকে এই এআই সহকারী ব্যবহার করতে পারবেন।
এই ফিচারের মাধ্যমে প্রতিটি বৈঠকে আলোচনার স্বয়ংক্রিয় সারসংক্ষেপ তৈরি, গুরুত্বপূর্ণ নোট নেওয়া এবং এআই-কে বিভিন্ন প্রশ্ন করার সুবিধা পাওয়া যাবে।
নতুন ওয়েব ইন্টারফেস এবং সাইড প্যানেলের মাধ্যমে ব্যবহারকারীরা মাসে মোট ২০টি প্রশ্ন করার সুযোগ পাবেন। তবে যারা আরও বেশি সুবিধা পেতে চান, তারা মাসিক ১০ ডলারের বিনিময়ে আলাদা ‘অ্যাড অন’ প্ল্যান গ্রহণ করতে পারবেন।
জুমের এই নতুন সংস্করণে যুক্ত করা হয়েছে ‘কনভারসেশন স্টার্টার’ প্রম্পট, যা ব্যবহারকারীদের জানাবে এআই সহকারী ঠিক কোন কোন কাজে তাদের সহায়তা করতে পারে।
বড় একটি পরিবর্তন হিসেবে এখন থেকে এই এআই সহকারী শুধু জুমে সংরক্ষিত তথ্যই নয়, বরং গুগল ড্রাইভ ও মাইক্রোসফট ওয়ানড্রাইভের মতো প্ল্যাটফর্ম থেকেও তথ্য সংগ্রহ করে কাজ করতে সক্ষম হবে।
ভবিষ্যতে জিমেইল এবং মাইক্রোসফট আউটলুককেও এর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এ ছাড়া ডকুমেন্ট ব্যবস্থাপনা ও তৈরির ক্ষেত্রেও বড় সুখবর দিয়েছে জুম। এখন থেকে মিটিংয়ের তথ্যের ওপর ভিত্তি করে এআই কম্পেনিয়নের মাধ্যমেই সরাসরি ডকুমেন্টের খসড়া তৈরি বা এডিট করা সম্ভব।
এই খসড়াগুলো পরবর্তীতে জুম ডক্সে স্থানান্তর করে সহকর্মীদের সাথে যৌথভাবে কাজ করা যাবে। ব্যবহারকারীরা তাদের তৈরি করা ডকুমেন্টগুলো এমডি, পিডিএফ, মাইক্রোসফট ওয়ার্ড এবং জুম ডক্স ফরম্যাটে সেভ বা সংরক্ষণ করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার এই নতুন সংযোজন জুম ব্যবহারকারীদের পেশাদার ও ব্যক্তিগত কাজে আরও গতিশীলতা আনবে বলে ধারণা করা হচ্ছে।
আরটিভি/এএইচ




