ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ফোন নম্বরের বাধ্যবাধকতা সরিয়ে এ যাবৎকালের অন্যতম বড় পরিবর্তনের পথে হাঁটছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শিগগিরই ব্যবহারকারীরা এই অ্যাপে নিজেদের পছন্দমতো একটি ইউজারনেম বা ব্যবহারকারীর নাম নিবন্ধন করতে পারবেন। এর পর থেকে কারও সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বরের বদলে কেবল ওই ইউজারনেম শেয়ার করে নিলেই চলবে।

কোম্পানিটির পক্ষ থেকে নতুন এই ফিচারকে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, মোবাইল নম্বর অত্যন্ত ব্যক্তিগত জিনিস এবং এটি মানুষের জীবনের বহু বিষয়ের সঙ্গে যুক্ত থাকে। তাই নম্বরটি সুরক্ষিত রাখা জরুরি। যেমন কোনো সদ্য পরিচিত মানুষের সঙ্গে কথা বলা বা কোনো গ্রুপে যোগ দেওয়ার ক্ষেত্রে অনিচ্ছাসত্ত্বেও অচেনা মানুষদের কাছে ফোন নম্বর প্রকাশ হয়ে যায়। নতুন এই ব্যবস্থার ফলে সেই আশঙ্কা আর থাকবে না।

তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ইউজারনেম অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডলের মতো নয়। কারণ এখানে ব্যবহারকারীদের নাম খোঁজার জন্য কোনো ডিরেক্টরি বা তালিকা থাকবে না। এমনকি কাউকে বন্ধু হিসেবে যুক্ত করার জন্য অ্যাপের পক্ষ থেকে কোনো সাজেশনও দেওয়া হবে না। মেটা-র মালিকানাধীন অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুকের ইউজারনেমের সঙ্গে এটি এক হওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই।

আরও পড়ুন

অবশ্য কার্যপদ্ধতিটি প্রায় একই রকম। ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি নির্দিষ্ট ইউজারনেম রিজার্ভ করবেন, তারপর নতুন কারও সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে সেটি তাকে দিয়ে দেবেন। তাতেই অপর পক্ষ তাকে যুক্ত করে চ্যাট শুরু করতে পারবেন। এই ফিচার চালু হওয়ার পর এটিই ডিফল্ট হিসেবে কাজ করবে। ফলে নতুন কোনো চ্যাট শুরু করার সময়ে ফোন নম্বরের পরিবর্তে কেবল ইউজারনেমটিই দেখা যাবে।

গত সোমবার থেকেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন আপডেট করে নিজেদের ইউজারনেম রিজার্ভ করতে পারবেন। এর জন্য অ্যাপের সেটিংস অপশনে গিয়ে প্রথমে অ্যাকাউন্ট এবং তার পর ইউজারনেম-এ ক্লিক করতে হবে। তবে এই ফিচার পুরোপুরি কার্যকর হতে বছরের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি চালু হলে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপ এক বিজ্ঞপ্তিতে বলেছে, অধিকাংশ মানুষের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারনেমটি এমন অনন্য হওয়া উচিত, যা কেবল তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিরাই জানবেন। সঠিক নাম বাছতে সমস্যা হলে আমাদের একটি ইউজারনেম জেনারেটর রয়েছে, যা আপনাকে সাহায্য করবে। এ ছাড়া বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সংস্থাকে তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে থাকা বর্তমান ইউজারনেমটিই হোয়াটসঅ্যাপে ব্যবহার করার সুযোগ দেবে তারা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
লিথুয়ানিয়াভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ড সিকিউরিটির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। প্রতিষ্ঠানটির সহযোগী পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবা নর্ডপাস এবং সাইবার হুমকি শনাক্তকারী প্রতিষ্ঠান নর্ডস্টেলার যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেছে।
আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
প্রতিযোগিতাটিতে দুটি জনপ্রিয় গেম-পাবজি মোবাইল এবং ই-ফুটবল অন্তর্ভুক্ত থাকবে, যেখানে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে।
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচার স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইল আগের মতোই সচল থাকবে। ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আলাদা রাখতে অনেকেই একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক প্রোফাইল ব্যবহার করেন। বন্ধু, পরিবার, সহকর্মী কিংবা নির্দিষ্ট কোনো কমিউনিটির সঙ্গে যোগাযোগের জন্য আলাদা পরিচয়ে এসব প্রোফাইল তৈরি করা যায়। ফেসবুকের এই সুবিধাটিই ‘অ্যাডিশনাল প্রোফাইল’ নামে পরিচিত। এত দিন একটি অ্যাকাউন্টের অধীনে সর্বোচ্চ চারটি অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এ ফিচারের মাধ্যমে আলাদা ইমেইল বা নতুন অ্যাকাউন্ট ছাড়াই একই অ্যাকাউন্ট থেকে একাধিক প্রোফাইল ব্যবহারের সুযোগ পেয়েছিলেন ব্যবহারকারীরা। তবে এবার ফিচারটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী, শুধু মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলোই বন্ধ করা হবে। মূল ফেসবুক প্রোফাইল, পেজ কিংবা আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র প্রোফাইলের ওপর এর কোনো প্রভাব পড়বে না। মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট ও অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট না করলে পরবর্তী সময়ে সেগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। এদিকে, অতিরিক্ত প্রোফাইল দিয়ে যেসব ব্যবহারকারী ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাদের দ্রুত মূল প্রোফাইলে গ্রুপের অ্যাডমিন দায়িত্ব হস্তান্তরের পরামর্শ দিয়েছে মেটা। অন্যথায় কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত হতে পারে। যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন অতিরিক্ত প্রোফাইলের ছবি, পোস্টসহ অন্যান্য তথ্য সংরক্ষণ করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। ১. প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে সুইচ করুন। ২. এরপর Settings & Privacy থেকে Settings অপশনে যান। ৩. Your Information and Permissions বিভাগ থেকে Export Your Information নির্বাচন করুন। ৪. Create Export অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন। ৫. তথ্য নিজের ডিভাইসে নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় সংরক্ষণ করতে চান, তা নির্ধারণ করুন। ৬. প্রয়োজনীয় তথ্য নির্বাচন করে Create Export-এ ক্লিক করুন। যেসব প্রোফাইল বন্ধ হবে না মেটার এই সিদ্ধান্তে সব ধরনের ফেসবুক প্রোফাইল বন্ধ হচ্ছে না। এর আওতায় পড়বে না- * ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইল। *  মূল অ্যাকাউন্টের অধীনে পরিচালিত ফেসবুক পেজ। * আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র ফেসবুক প্রোফাইল। অর্থাৎ, যারা শুধু একটি সাধারণ ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন, তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে। তবে বিজ্ঞাপন-সংক্রান্ত কিছু তথ্য মূল প্রোফাইলের তথ্য এক্সপোর্ট করার মাধ্যমেও পাওয়া যেতে পারে। তাই অতিরিক্ত প্রোফাইলের পাশাপাশি প্রয়োজনে মূল প্রোফাইলের তথ্যও সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: ব্যাংকক পোস্ট আরটিভি/এসকে
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল
আজ যাকে ইচ্ছা আনফ্রেন্ড করার দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় বন্ধুদের তালিকা থেকে বাদ দেওয়ার দিন আজ। প্রতি বছর ১৭ নভেম্বর পালিত হয় ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’।
আজ যাকে ইচ্ছা আনফ্রেন্ড করার দিন
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার এবার হোয়াটসঅ্যাপে
হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, সমস্যায় পড়তে পারেন যেসব ব্যবহারকারী
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
স্মার্টফোন হারালে যেভাবে পুনরুদ্ধার করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট