ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

লিংকডইনের সদস্যরা এবার একে অপরকে দিতে পারবেন টাকা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত

পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এবার অর্থের বিনিময়ে পরামর্শ নেওয়া, কনটেন্টের দর্শক বিশ্লেষণ এবং ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্বের সুযোগ তৈরি হচ্ছে। নিজস্ব উদ্যোগ পরিচালনাকারী, ফ্রিল্যান্সার, পরামর্শক ও কনটেন্ট নির্মাতাদের আয় বাড়ানোর সুযোগ দিতে নতুন তিনটি সুবিধা চালু করছে প্ল্যাটফর্মটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসাবিষয়ক সাময়িকী ইনকর্পোরেটেডের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নতুন সুবিধাগুলোর মাধ্যমে লিংকডইন সদস্যরা প্রথমবারের মতো প্ল্যাটফর্মটির ভেতরেই অন্য সদস্যদের কাছ থেকে অর্থের বিনিময়ে সেবা নিতে পারবেন।

লিংকডইনের পণ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ডানা টম ইনকর্পোরেটেডকে বলেন, ‘লিংকডইনে এই প্রথম সদস্যরা একে অপরকে অর্থ দিতে পারবেন।’ নতুন সুবিধাগুলো কনটেন্টের কার্যকারিতা মূল্যায়ন এবং সেখান থেকে আয়ের সম্ভাবনা খুঁজে পেতেও সহায়তা করবে।

যে তিন সুবিধা যুক্ত হচ্ছে

নতুন সুবিধার প্রথমটি হলো অর্থের বিনিময়ে কোচিং বা পরামর্শ নেওয়ার ব্যবস্থা। এর মাধ্যমে পেশাজীবীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যক্তিগত পরামর্শসেবা দিতে পারবেন। আগ্রহীরা নির্ধারিত সময় বুক করে অর্থ পরিশোধের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন।

দ্বিতীয় সুবিধাটি হলো কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন ড্যাশবোর্ড। এতে অনুসারীর সংখ্যা বৃদ্ধি, পোস্টের কার্যকারিতা এবং দর্শকের পরিচিতি ও পেশাগত তথ্য বিশ্লেষণ করা যাবে। ফলে কোন ধরনের কনটেন্ট বেশি সাড়া পাচ্ছে এবং কোন শ্রেণির মানুষের কাছে তা পৌঁছাচ্ছে, সে সম্পর্কে ধারণা পাওয়া সহজ হবে।

তৃতীয় সুবিধাটি হলো ব্র্যান্ডের সঙ্গে কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ ও অংশীদারত্বের সুযোগ তৈরির মার্কেটপ্লেস। এর মাধ্যমে নির্মাতারা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজের সম্ভাবনা খুঁজে পেতে পারবেন।

কনটেন্ট থেকে আয়ের সুযোগ বাড়ানোর উদ্যোগ

লিংকডইনের তথ্য অনুযায়ী, গত এক বছরে প্ল্যাটফর্মটিতে নিজের প্রোফাইলে ‘প্রতিষ্ঠাতা’ পরিচয় যুক্ত করা মানুষের সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে। ২০২২ সালের তুলনায় এ সংখ্যা তিন গুণেরও বেশি হয়েছে বলে আগের এক গবেষণায় উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে আরও বলা হয়, জেনারেশন জেডের ৭৩ শতাংশ সদস্যের একাধিক আয়ের উৎস রয়েছে। অন্যদিকে, ৬৩ শতাংশ উদ্যোক্তা ব্যবসার প্রসার, পরিচিতি বৃদ্ধি কিংবা সরাসরি আয় করার উদ্দেশ্যে কনটেন্ট তৈরি করছেন বলে জানিয়েছেন।

লিংকডইনের পণ্য ও কনটেন্ট বিভাগের পরিচালক স্যাম কোরাও ক্ল্যানন বলেন, বর্তমানে পেশাজীবীদের কর্মজীবন আগের তুলনায় অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ। কেউ পূর্ণকালীন চাকরির পাশাপাশি অতিরিক্ত আয়ের উদ্যোগ নিচ্ছেন, আবার কেউ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছেন।

নতুন সুবিধাগুলো চালুর পাশাপাশি লিংকডইন পোস্টে গুরুত্বপূর্ণ মন্তব্য পিন করার সুবিধাও ফিরিয়ে এনেছে। এ ছাড়া ডিজিটাল বিজনেস কার্ড এবং নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী কনটেন্ট নির্মাতাদের জন্য ভিডিওর সঙ্গে বিজ্ঞাপন দেখিয়ে আয় করার সুবিধাও যুক্ত করা হচ্ছে।

লিংকডইনের লক্ষ্য হলো, উদ্যোক্তা ও এককভাবে ব্যবসা পরিচালনাকারীরা যেন নিজেদের দক্ষতা, সময় ও কনটেন্ট কাজে লাগিয়ে আয় বাড়াতে পারেন এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছাতে পারেন।

সব দেশে এখনই মিলছে না সুবিধা

নতুন সুবিধাগুলোর প্রাপ্যতা ও চালুর সময় এক নয়। লিংকডইনের নিজস্ব ঘোষণায় বলা হয়েছে, অর্থের বিনিময়ে পরামর্শ দেওয়ার সুবিধাটি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিজনেস প্রিমিয়াম গ্রাহকদের জন্য চালু রয়েছে; অন্য বাজারেও এটি সম্প্রসারণের পরিকল্পনা আছে। ভিডিও বিজ্ঞাপনের সুবিধাটি নির্বাচিত যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা ও বিজ্ঞাপনদাতাদের নিয়ে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। নির্মাতাদের নতুন ড্যাশবোর্ড পর্যায়ক্রমে বিশ্বব্যাপী চালুর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফলে বাংলাদেশের ব্যবহারকারীরা সব সুবিধা এখনই পাবেন, এমন নিশ্চয়তা নেই। কোন অঞ্চলে কোন সুবিধা চালু হচ্ছে, তা লিংকডইনের আনুষ্ঠানিক ঘোষণা ও ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রদর্শিত বিকল্পের ওপর নির্ভর করবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্যাস সিলিন্ডার ব্যবহারে যেসব সতর্কতা মানা খুবই জরুরি
রান্নার কাজে বাসাবাড়িতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বহুল ব্যবহৃত। তবে সিলিন্ডার সংরক্ষণ, সংযোগ স্থাপন কিংবা ব্যবহারে অসতর্কতা থেকে গ্যাস লিকেজ, অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটতে পারে। এসব ঝুঁকি এড়াতে সিলিন্ডার ব্যবহারে কয়েকটি নিরাপত্তাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে গ্যাস সিলিন্ডার নিরাপদে ব্যবহার ও সংরক্ষণের বিভিন্ন নিয়ম তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অনুমোদিত সরবরাহকারীর কাছ থেকে গ্যাস নেওয়া এবং সিলিন্ডার ও সংযোগের নিয়মিত পরীক্ষা দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়তা করে।  ১. গ্যাস সিলিন্ডার সব সময় সমতল ও স্থিতিশীল জায়গায় খাড়াভাবে রাখতে হবে। এটি কাত করে বা শুইয়ে রাখা উচিত নয়। সিলিন্ডার এমন স্থানে রাখতে হবে, যেখানে সহজে বাতাস চলাচল করতে পারে। ২. সিলিন্ডার সরাসরি সূর্যের আলো, চুলার আগুন, অতিরিক্ত তাপ ও স্ফুলিঙ্গের উৎস থেকে দূরে রাখতে হবে। বদ্ধ আলমারি, বেসমেন্ট কিংবা বাতাস চলাচল করে না এমন জায়গায় সিলিন্ডার রাখা ঝুঁকিপূর্ণ। ৩. অনুমোদিত প্রতিষ্ঠান ও সরবরাহকারীর কাছ থেকে সিলিন্ডার সংগ্রহ করা জরুরি। অননুমোদিতভাবে গ্যাস ভরা বা ত্রুটিপূর্ণ সিলিন্ডার ব্যবহার করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। ৪. সিলিন্ডারের পাইপ, রেগুলেটর ও সংযোগস্থলে ফাটল, ক্ষয় কিংবা অন্য কোনো ত্রুটি রয়েছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। ক্ষতিগ্রস্ত পাইপ বা রেগুলেটর ব্যবহার না করে অনুমোদিত যন্ত্রাংশ দিয়ে পরিবর্তন করা উচিত। ৫. গ্যাসের চুলা জ্বালিয়ে রান্না করার সময় তা অযত্নে ফেলে রাখা যাবে না। রান্নাঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। রান্না শেষে চুলার নব ও সিলিন্ডারের ভালভ বন্ধ করতে হবে। বিশেষ করে ঘর থেকে বের হওয়ার আগে বা ঘুমাতে যাওয়ার সময় গ্যাসের সংযোগ বন্ধ আছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। ৬. ঘরে গ্যাসের গন্ধ পেলে বৈদ্যুতিক বাতি, পাখা বা অন্য কোনো যন্ত্রের সুইচ চালু কিংবা বন্ধ করা যাবে না। এতে স্ফুলিঙ্গ তৈরি হয়ে আগুন ধরে যেতে পারে। নিরাপদ হলে সিলিন্ডারের ভালভ বন্ধ করে দরজা-জানালা খুলে দিতে হবে এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে হবে। ৭. গ্যাস লিক করছে কি না, তা পরীক্ষা করতে কখনো দিয়াশলাই, লাইটার বা খোলা আগুন ব্যবহার করা যাবে না। সন্দেহ হলে নিজে মেরামতের চেষ্টা না করে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট জরুরি সেবার সহায়তা নিতে হবে। ৮. জরুরি পরিস্থিতিতে কীভাবে গ্যাসের সরবরাহ বন্ধ করতে হয়, পরিবারের সদস্যদের তা জানা থাকা প্রয়োজন। সিলিন্ডার ও চুলার নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে। প্রয়োজনে উপযুক্ত অগ্নিনির্বাপক যন্ত্রও হাতের কাছে রাখা যেতে পারে। গ্যাসের সিলিন্ডার ব্যবহারে এসব সতর্কতা মেনে চললে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। তবে গ্যাস লিকেজের সন্দেহ হলে আগুন জ্বালানো বা বৈদ্যুতিক সুইচ ব্যবহার না করে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরটিভি/এসআর
গ্যাস সিলিন্ডার ব্যবহারে যেসব সতর্কতা মানা খুবই জরুরি
উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন করলেন ইলন মাস্ক
উড়তে সক্ষম নতুন টেসলা রোডস্টার উন্মোচন করেছেন মার্কিন ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। স্পেসএক্সের প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই বৈদ্যুতিক স্পোর্টস কারটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক প্রদর্শনীতে বাতাসে উঠে উল্টে যাওয়া এবং একাধিক গাড়ি টপকে অবতরণের কৌশল দেখিয়েছে। তবে গাড়িটির নিরাপত্তা, ব্যবহারিক সক্ষমতা ও বাজারে আসার সময় নিয়ে এখনো রয়েছে নানা প্রশ্ন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের একটি স্থাপনায় গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে বিলম্বিত নতুন রোডস্টারকে এবার এমন প্রযুক্তির গাড়ি হিসেবে তুলে ধরা হয়েছে, যা প্রচলিত স্পোর্টস কারের ধারণাকে নতুন মাত্রা দিতে পারে। প্রদর্শনীতে দেখা যায়, গাড়িটি একটি র‌্যাম্প বেয়ে ওপরে উঠে বাতাসে উল্টে যায়। পরে বিশেষ থ্রাস্টার বা বায়ু নির্গমন ব্যবস্থার সাহায্যে মাটিতে অবতরণ করে। এ ছাড়া ‘কিকফ্লিপ’ নামের একটি কৌশলে গাড়িটি বাতাসে উঠে পার্ক করে রাখা পাঁচটি গাড়ির ওপর দিয়ে উল্টে যায় এবং নিরাপদে অবতরণ করে। মাস্কের দাবি, নতুন রোডস্টার শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল (প্রায় ৯৭ কিলোমিটার) গতিতে পৌঁছাতে এক সেকেন্ডেরও কম সময় নেবে। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলের বেশি হতে পারে বলেও জানানো হয়েছে। চালকবিহীন প্রদর্শনী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন প্রদর্শনীর সময় গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না। মাস্ক জানান, দুর্ঘটনায় কেউ আহত হওয়ার ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘সাফল্য নিশ্চিত নয়। আমি সত্যিই বলছি। এটি সম্ভবত কাজ করবে, কিন্তু যদি কাজ না করে, তাহলে আমরা নিরাপদ দূরত্বে থাকব।’ এরপর তিনি যোগ করেন, ‘উত্তেজনা শতভাগ নিশ্চিত।’ গাড়িটির প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরলেও মাস্ক স্বীকার করেন, এটি সব দিক থেকে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়নি। ফলে গাড়িটির উড়ন্ত কৌশল বাস্তবে কতটা নিরাপদ এবং সাধারণ সড়কে এমন প্রযুক্তি ব্যবহারের অনুমতি মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। প্রায় এক দশকের বিলম্বের পর অনুষ্ঠিত প্রদর্শনীতে গাড়িটি সফলভাবে বাতাসে উঠে উল্টে অবতরণ করলে উপস্থিত দর্শকেরা উল্লাসে ফেটে পড়েন। মাস্ক তখন বলেন, ‘বেশ, এটা কাজ করেছে। উফ! উড়ন্ত গাড়ি সত্যিই বাস্তব।’ গাড়িটিতে ১০টি বিশেষ নোজল বা বায়ু নির্গমনের মুখ রয়েছে বলে জানান মাস্ক। তাঁর ভাষ্য, টেসলা ও স্পেসএক্সের প্রকৌশলীদের যৌথ কাজের ফল এই প্রযুক্তি। উৎপাদন শুরু ২০২৮ সালে, দাম অজানা টেসলার নতুন রোডস্টারটি ২০২৮ সালে উৎপাদনে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০১৭ সালে প্রথমবার গাড়িটির প্রোটোটাইপ উন্মোচন করা হয়েছিল। তখন ২০২০ সালে উৎপাদন শুরুর পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বারবার পিছিয়েছে। গাড়িটির দাম এখনো ঘোষণা করা হয়নি। ২০১৭ সালে বুকিং চালুর সময় মূল সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ডলার। সীমিত সংস্করণের ‘ফাউন্ডার্স সিরিজ’-এর দাম ছিল আড়াই লাখ ডলার। নতুন সংস্করণে স্পেসএক্সের প্রযুক্তি যুক্ত হওয়ায় দাম কত হবে, তা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া গাড়িটির উড়তে সক্ষম সংস্করণটি সাধারণ সড়কে চলাচলের অনুমতি পাবে কি না, সে বিষয়েও বিস্তারিত জানায়নি টেসলা। মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রদর্শনীর ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ গাড়িটির প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার কেউ এর নিরাপত্তা ও বাস্তব ব্যবহার নিয়ে সংশয় জানিয়েছেন। নতুন রোডস্টারের প্রদর্শনী ভবিষ্যতের পরিবহন প্রযুক্তি নিয়ে আগ্রহ তৈরি করলেও এর নিরাপত্তা, ব্যবহারিক সক্ষমতা, মূল্য এবং নিয়ন্ত্রক অনুমোদন এসব প্রশ্নের উত্তর এখনো বাকি। আরটিভি/এসকে
উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন করলেন ইলন মাস্ক
স্মার্টফোন চার্জে কভার খুলে রাখা কি জরুরি?
স্মার্টফোনকে আঁচড় ও ভাঙনের হাত থেকে রক্ষা করতে অনেকেই ব্যাক কভার ব্যবহার করেন। তবে ফোন চার্জে দেওয়ার সময় কভার খুলে রাখা উচিত কি না, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
স্মার্টফোন চার্জে কভার খুলে রাখা কি জরুরি?
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
আরও পড়ুন
এআই দিয়ে লেখা পোস্ট শনাক্তে নতুন রিপোর্ট বাটন আনছে লিংকডইন
লিংকডইন কী ডেটিং অ্যাপে পরিণত হচ্ছে