
মহাকাশে তথ্যকেন্দ্র তৈরি করতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণে এসব উপগ্রহ ব্যবহার করা হবে। তবে পরিকল্পনাটি বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (U.S. Federal Communications Commission- FCC) জানিয়েছে, স্পেসএক্সের ‘স্টারমাইন্ড’ নামের এই স্যাটেলাইটগুলো মহাকাশে তথ্য প্রক্রিয়াকরণ করে পৃথিবীতে পাঠাবে। সংস্থাটির মতে, এ অনুমোদন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। অনুমোদনের শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের মধ্যে অন্তত একটি স্যাটেলাইট পাঠাতে হবে। এরপর ২০৪০ সাল পর্যন্ত ধাপে ধাপে আরও স্যাটেলাইট পাঠানোর সুযোগ থাকবে।
তবে বিজ্ঞানীরা বলছেন, মহাকাশে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট পাঠানো অত্যন্ত ব্যয়বহুল ও প্রযুক্তিগতভাবে কঠিন। উপগ্রহগুলো থেকে উৎপন্ন তাপ বের করে দেওয়াও বড় চ্যালেঞ্জ। পাশাপাশি মহাকাশের আবর্জনার মধ্যে একের পর এক সংঘর্ষ ঘটতে পারে। ফলে মহাকাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়তে পারে, যা আবহাওয়া ও যোগাযোগ স্যাটেলাইটের জন্য ঝুঁকি তৈরি করবে।
যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞান সমিতিও এ সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে। তাদের আশঙ্কা, বিপুলসংখ্যক বড় ও উজ্জ্বল স্যাটেলাইট রাতের আকাশ পর্যবেক্ষণ এবং জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় বাধা সৃষ্টি করবে। তবে নিয়ন্ত্রক সংস্থা বলেছে, প্রস্তাবিত স্যাটেলাইটগুলো মহাকাশের ধ্বংসাবশেষসংক্রান্ত নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনস্বার্থে কাজ করবে।
আরটিভি/জেএমএ


