
শিশু ব্যবহারকারীদের সঙ্গে এআই চরিত্রের যৌন ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর কথোপকথনের অভিযোগে জনপ্রিয় এআই চ্যাটবট অ্যাপ ‘টকি’ বিশ্বজুড়ে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান মিনিম্যাক্সের তৈরি অ্যাপটি এআইনির্ভর ভার্চুয়াল সঙ্গী বা কম্প্যানিয়ন হিসেবে পরিচিত।
বুধবার (২৫ নভেম্বর) এবিসি নিউজ ও ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রকাশিত এক প্রতিবেদনে টকির এআই চরিত্রগুলোর বিরুদ্ধে শিশু ব্যবহারকারীদের সঙ্গে অনুপযুক্ত কথোপকথনের অভিযোগ তোলা হয়। এসব প্রতিবেদন প্রকাশের পর অ্যাপটি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অ্যাপল।
২০২৩ সালে চালু হওয়া টকিতে ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ভার্চুয়াল চরিত্র। এসব চরিত্রের সঙ্গে কথোপকথনে রোমান্টিক আবহ, ব্যক্তিগত সম্পর্ক ও কল্পনানির্ভর গল্পের উপাদান থাকে। চীনে অ্যাপটির সংস্করণ ‘শিংয়ে’ নামে পরিচিত।
অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর উভয় প্ল্যাটফর্মেই টকির বয়সসীমা ১৮ বছর বা তার বেশি নির্ধারণ করা হয়েছে। তবে শিশুদের নিরাপত্তা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন অ্যাপটির বয়স যাচাইব্যবস্থার দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ব্যবহারকারীদের দেওয়া বয়সের তথ্যের ওপর নির্ভরশীল হওয়ায় অপ্রাপ্তবয়স্করা সহজেই এসব বিধিনিষেধ এড়িয়ে যেতে পারে।
এ বিষয়ে অ্যাপল ও মিনিম্যাক্সের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিভিন্ন ভাষায় ব্যবহারের সুযোগ থাকায় আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা পেয়েছে টকি। গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও মেক্সিকোতে অ্যাপটির ব্যবহার তুলনামূলক বেশি। চীনা গবেষণা প্রতিষ্ঠান ইউনিকের তথ্য বলছে, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত টকির অ্যাপ ও ওয়েবসাইট মিলিয়ে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ১০ লাখ।
মিনিম্যাক্সের আয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টকি ও এর চীনা সংস্করণ শিংয়ে। ২০২৪ সালে প্রতিষ্ঠানটির মোট আয়ের ৬০ শতাংশের বেশি এসেছিল এই দুটি পণ্য থেকে। তবে চলতি বছর থেকে চ্যাটবট-সংশ্লিষ্ট আয়ের আলাদা হিসাব প্রকাশ বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
এআই কম্প্যানিয়ন অ্যাপ নিয়ে বাড়ছে উদ্বেগ
চ্যাটজিপিটি বা জেমিনির মতো সাধারণ এআই সহকারী এবং এআই কম্প্যানিয়ন অ্যাপের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সাধারণ এআই সহকারী মূলত তথ্য দেওয়া, প্রশ্নের উত্তর দেওয়া ও বিভিন্ন কাজে সহায়তার জন্য তৈরি। অন্যদিকে, এআই কম্প্যানিয়ন অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে আবেগনির্ভর ও মানুষের মতো কথোপকথন চালিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়। এসব অ্যাপে রোমান্টিক সম্পর্ক ও কাল্পনিক গল্পের পরিবেশও তৈরি করা হয়।
তবে বিশেষ করে শিশু-কিশোরদের সঙ্গে এ ধরনের এআইয়ের মিথস্ক্রিয়া নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছর ইলন মাস্কের মালিকানাধীন এআই চ্যাটবট গ্রক নারীদের ও শিশুদের যৌন আবেদনময় ছবি তৈরিতে ব্যবহৃত হওয়ার ঘটনায় বিভিন্ন সরকারের সমালোচনার মুখে পড়ে।
এ ছাড়া এআই কম্প্যানিয়ন নির্মাতা ক্যারেক্টার ডট এআইয়ের বিরুদ্ধেও অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে অনুপযুক্ত কথোপকথনের অভিযোগে যুক্তরাষ্ট্রে একাধিক মামলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এআই কম্প্যানিয়ন অ্যাপের ক্রমবর্ধমান জনপ্রিয়তার পাশাপাশি শিশুদের সুরক্ষা, বয়স যাচাই এবং অনুপযুক্ত কনটেন্ট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।
আরটিভি/এসকে


