ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই: জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য, ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, শুধু আইন করে অপতথ্য মোকাবিলা করা সম্ভব নয়; পাশাপাশি মানুষকে সচেতনও করতে হবে। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক ও বয়স্ক ব্যক্তিদের তথ্য যাচাইয়ের বিষয়ে শিক্ষা দিতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) উইক ২০২৬ উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ভুল তথ্য, অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য ছড়ানো শুধু বাংলাদেশের সমস্যা নয়, বৈশ্বিক সমস্যা। বিশেষ করে রাজনীতির সঙ্গে যুক্ত এসব তথ্য সারা বিশ্বেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তবে বাংলাদেশে গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ে মানুষের সচেতনতা প্রয়োজনের তুলনায় অনেক কম থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক।

তিনি বলেন, অপতথ্য মোকাবিলায় সরকার যৌক্তিক আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেবে। তবে আইন প্রণয়নের পাশাপাশি মানুষকে শিক্ষিত ও সচেতন করার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বয়স্কদের অসচেতনতার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, দেশের অনেক শিক্ষিত অবসরপ্রাপ্ত ব্যক্তিও কোনো খবরের উৎস জানতে চাইলে বলেন, তারা ফেসবুক থেকে সেটি পেয়েছেন। প্রয়োজনীয় জ্ঞান ছাড়াই বয়স্ক ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমের সংস্পর্শে এসেছেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, সত্য সব সময় স্বস্তিদায়ক হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম’ পঙক্তি উল্লেখ করে তিনি বলেন, সত্য জানতে চাইলে কখনো কখনো অস্বস্তিকর তথ্যও মেনে নিতে হবে। কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে মানুষ নিজের পছন্দমতো তথ্য পেতে পারে।

ডা. জাহেদ উর রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে এ প্রযুক্তির ব্যবহার ও নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠছে। অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠান এআইয়ের জন্য নিয়ন্ত্রণব্যবস্থা ও সুরক্ষাব্যবস্থা তৈরির পক্ষে কথা বলছে। তবে কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে বলে আলোচনা রয়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝে বাংলাদেশসহ সব দেশকে এ বিষয়ে কাজ করতে হবে। অপতথ্য মোকাবিলায় শুধু দেশের ভেতরে উদ্যোগ নিলেই হবে না, বৈশ্বিক পর্যায়েও যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমের কারণেও সঠিক তথ্য ছড়ানো কঠিন উল্লেখ করে শোশানা জুবফের বইয়ের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম মানুষের রাগ, ক্ষোভ ও প্রতিশোধস্পৃহাসহ নেতিবাচক আবেগকে গুরুত্ব দেয়। ফলে খারাপ খবর ও অপতথ্য দ্রুত ছড়িয়ে পড়লেও তথ্য যাচাই এবং সঠিক তথ্য প্রচার একইভাবে মানুষের কাছে পৌঁছায় না।

তিনি বলেন, অপতথ্য ছড়িয়ে পড়ার পর তা মোকাবিলার চেয়ে আগে থেকেই মানুষকে সচেতন করা বেশি জরুরি। কোনো তথ্য বিশ্বাস বা প্রচার করার আগে তার সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গণমাধ্যম ও তথ্য বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয়টি এমআইএল সপ্তাহ পালন করছে, যা প্রশংসনীয়। দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোরও এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের পাশাপাশি মা-বাবা ও বয়স্ক আত্মীয়স্বজনকেও তথ্য যাচাইয়ের বিষয়ে সচেতন করতে হবে। কারণ, তাদের অসচেতনতা অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়িয়ে পড়ার অন্যতম সুযোগ তৈরি করে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক, বাংলাদেশে ইউনেস্কোরের প্রধান ড. সুজান ভাইজ প্রমুখ। অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন অধ্যাপক দিলারা বেগম।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, ইউনেস্কো প্রতিনিধি, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
লিথুয়ানিয়াভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ড সিকিউরিটির সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। প্রতিষ্ঠানটির সহযোগী পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবা নর্ডপাস এবং সাইবার হুমকি শনাক্তকারী প্রতিষ্ঠান নর্ডস্টেলার যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেছে।
আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
প্রতিযোগিতাটিতে দুটি জনপ্রিয় গেম-পাবজি মোবাইল এবং ই-ফুটবল অন্তর্ভুক্ত থাকবে, যেখানে পাবজি মোবাইলের জন্য ২০ লাখ এবং ই-ফুটবলের জন্য ৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে।
২৫ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন ই-স্পোর্টস প্রেমীরা
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচার স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইল আগের মতোই সচল থাকবে। ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আলাদা রাখতে অনেকেই একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক প্রোফাইল ব্যবহার করেন। বন্ধু, পরিবার, সহকর্মী কিংবা নির্দিষ্ট কোনো কমিউনিটির সঙ্গে যোগাযোগের জন্য আলাদা পরিচয়ে এসব প্রোফাইল তৈরি করা যায়। ফেসবুকের এই সুবিধাটিই ‘অ্যাডিশনাল প্রোফাইল’ নামে পরিচিত। এত দিন একটি অ্যাকাউন্টের অধীনে সর্বোচ্চ চারটি অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এ ফিচারের মাধ্যমে আলাদা ইমেইল বা নতুন অ্যাকাউন্ট ছাড়াই একই অ্যাকাউন্ট থেকে একাধিক প্রোফাইল ব্যবহারের সুযোগ পেয়েছিলেন ব্যবহারকারীরা। তবে এবার ফিচারটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী, শুধু মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলোই বন্ধ করা হবে। মূল ফেসবুক প্রোফাইল, পেজ কিংবা আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র প্রোফাইলের ওপর এর কোনো প্রভাব পড়বে না। মেটা জানিয়েছে, অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট ও অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট না করলে পরবর্তী সময়ে সেগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। এদিকে, অতিরিক্ত প্রোফাইল দিয়ে যেসব ব্যবহারকারী ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাদের দ্রুত মূল প্রোফাইলে গ্রুপের অ্যাডমিন দায়িত্ব হস্তান্তরের পরামর্শ দিয়েছে মেটা। অন্যথায় কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত হতে পারে। যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন অতিরিক্ত প্রোফাইলের ছবি, পোস্টসহ অন্যান্য তথ্য সংরক্ষণ করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। ১. প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে সুইচ করুন। ২. এরপর Settings & Privacy থেকে Settings অপশনে যান। ৩. Your Information and Permissions বিভাগ থেকে Export Your Information নির্বাচন করুন। ৪. Create Export অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন। ৫. তথ্য নিজের ডিভাইসে নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় সংরক্ষণ করতে চান, তা নির্ধারণ করুন। ৬. প্রয়োজনীয় তথ্য নির্বাচন করে Create Export-এ ক্লিক করুন। যেসব প্রোফাইল বন্ধ হবে না মেটার এই সিদ্ধান্তে সব ধরনের ফেসবুক প্রোফাইল বন্ধ হচ্ছে না। এর আওতায় পড়বে না- * ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইল। *  মূল অ্যাকাউন্টের অধীনে পরিচালিত ফেসবুক পেজ। * আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র ফেসবুক প্রোফাইল। অর্থাৎ, যারা শুধু একটি সাধারণ ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন, তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে। তবে বিজ্ঞাপন-সংক্রান্ত কিছু তথ্য মূল প্রোফাইলের তথ্য এক্সপোর্ট করার মাধ্যমেও পাওয়া যেতে পারে। তাই অতিরিক্ত প্রোফাইলের পাশাপাশি প্রয়োজনে মূল প্রোফাইলের তথ্যও সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: ব্যাংকক পোস্ট আরটিভি/এসকে
স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল
আজ যাকে ইচ্ছা আনফ্রেন্ড করার দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় বন্ধুদের তালিকা থেকে বাদ দেওয়ার দিন আজ। প্রতি বছর ১৭ নভেম্বর পালিত হয় ‘ন্যাশনাল আনফ্রেন্ড ডে’।
আজ যাকে ইচ্ছা আনফ্রেন্ড করার দিন
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তির চিপ ব্যবহারের সুযোগ সীমিত করতে নতুন বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র।
চীনের চিপ ব্যবহারে লাগাম, ৫ দেশে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আরও পড়ুন
নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে: তথ্য উপদেষ্টা
তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার
সাবেক রাষ্ট্রপতির বিচার নিয়ে যা জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
‘ঢাকার বর্জ্য থেকে প্রতিদিন উৎপাদন হবে ৪২ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ’