
বছরের শেষদিকে কাজের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে ভ্রমণের পরিকল্পনা করেন অনেকেই। আর শীতকাল ভ্রমণের জন্য অন্যতম উপযুক্ত সময়। মনোরম আবহাওয়া, পাহাড়ের বরফঢাকা সৌন্দর্য কিংবা সমুদ্রসৈকতের নির্মল পরিবেশ সব মিলিয়ে শীতের ছুটিতে ভ্রমণ হয়ে উঠতে পারে স্মরণীয়।
আপনিও যদি বছরের শেষে কয়েক দিনের ছুটি কাটানোর পরিকল্পনা করেন, তাহলে ভারতের এই ১০টি জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাখতে পারেন আপনার ভ্রমণতালিকায়।

১. গুলমার্গ, জম্মু ও কাশ্মীর
শীতের সৌন্দর্য উপভোগ করতে চাইলে গুলমার্গ হতে পারে অন্যতম সেরা গন্তব্য। বরফে ঢাকা পাহাড়, সাদা উপত্যকা এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। শীতকালে স্কিইংসহ বিভিন্ন তুষারক্রীড়ার সুযোগও রয়েছে এখানে।

২. মানালি, হিমাচল প্রদেশ
শীতের ছুটিতে পাহাড় ও বরফের সৌন্দর্য উপভোগ করতে মানালি বরাবরই পর্যটকদের পছন্দের তালিকায় থাকে। পাইনবন, বরফে ঢাকা পাহাড় এবং মনোরম উপত্যকার পাশাপাশি সোলাং ভ্যালি, হাডিম্বা মন্দির ও রোহতাং অঞ্চলের আকর্ষণ পর্যটকদের টানে।

৩. ঋষিকেশ, উত্তরাখণ্ড
প্রকৃতি, আধ্যাত্মিকতা ও অ্যাডভেঞ্চারের মেলবন্ধন রয়েছে ঋষিকেশে। গঙ্গার তীরে সময় কাটানো, সন্ধ্যার গঙ্গা আরতি উপভোগ এবং রিভার রাফটিংয়ের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগ রয়েছে এখানে। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর জন্য এটি আকর্ষণীয় গন্তব্য।

৪. জয়পুর, রাজস্থান
শীতকাল জয়পুর ভ্রমণের আদর্শ সময়গুলোর একটি। তুলনামূলক আরামদায়ক আবহাওয়ায় ঘুরে দেখা যায় আমের ফোর্ট, হাওয়া মহল, সিটি প্যালেস ও জলমহল। পাশাপাশি রাজস্থানি খাবার, ঐতিহ্যবাহী স্থাপত্য এবং রঙিন বাজার পর্যটকদের ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেয়।

৫. কচ্ছ, গুজরাট
প্রাকৃতিক সৌন্দর্যের ভিন্ন স্বাদ পেতে শীতকালে ঘুরে আসতে পারেন গুজরাতের কচ্ছ থেকে। এখানকার বিখ্যাত সাদা লবণাক্ত মরুভূমি বা হোয়াইট রণ পর্যটকদের বিশেষ আকর্ষণ। রণ উৎসবের সময়ে গেলে মরুভূমির সৌন্দর্যের পাশাপাশি লোকসংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় হস্তশিল্প উপভোগের সুযোগ মেলে।

৬. গোয়া
সমুদ্রসৈকতে শীতের ছুটি কাটাতে চাইলে গোয়া হতে পারে আদর্শ ঠিকানা। মনোরম আবহাওয়ায় সমুদ্রের ধারে সময় কাটানো, ওয়াটার স্পোর্টস এবং বিচ ক্যাফের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন পর্যটকেরা। পাশাপাশি পুরনো গির্জা, পর্তুগিজ স্থাপত্য ও স্থানীয় বাজারও ঘুরে দেখার মতো।

৭. মুন্নার, কেরলা
সবুজ পাহাড়, বিস্তীর্ণ চা-বাগান এবং মেঘে ঢাকা উপত্যকার জন্য বিখ্যাত মুন্নার। শীতের মনোরম আবহাওয়ায় এখানে প্রকৃতির কাছাকাছি নিরিবিলি সময় কাটানো যায়। এরাভিকুলাম জাতীয় উদ্যান, মাট্টুপেট্টি বাঁধ এবং চা-বাগান এখানকার উল্লেখযোগ্য আকর্ষণ।

৮. কুর্গ, কর্নাটক
প্রকৃতিপ্রেমীদের জন্য কুর্গ বা কোডাগু হতে পারে দারুণ একটি গন্তব্য। কফি বাগান, সবুজ পাহাড়, জলপ্রপাত এবং কুয়াশায় ঢাকা পথ এই এলাকার সৌন্দর্য বাড়িয়ে তোলে। অ্যাবে জলপ্রপাত, রাজা’স সিট এবং স্থানীয় কফি বাগান ঘুরে দেখতে পারেন পর্যটকেরা।

৯. তাওয়াং, অরুণাচল প্রদেশ
উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে তাওয়াং রাখতে পারেন ভ্রমণতালিকায়। বরফে ঢাকা পাহাড়, শান্ত উপত্যকা এবং ঐতিহাসিক বৌদ্ধ মঠ এখানকার অন্যতম আকর্ষণ। তাওয়াং মনাস্ট্রি ও সেলা পাস পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। তবে শীতকালে তুষারপাতের কারণে যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে।

১০. দার্জিলিং, পশ্চিমবঙ্গ
শীতের ছুটিতে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দার্জিলিং। কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য, চা-বাগান, ঐতিহ্যবাহী টয় ট্রেন এবং পাহাড়ি পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা, বাতাসিয়া লুপ ঘুরে আসা কিংবা ম্যাল রোডে সময় কাটানো—সব মিলিয়ে দার্জিলিং হতে পারে শীতের ছুটির দারুণ ঠিকানা।
শীতের ভ্রমণে যাওয়ার আগে যা মনে রাখবেন
শীতকালে পাহাড়ি এলাকায় ভ্রমণের পরিকল্পনা করলে আবহাওয়ার পূর্বাভাস, রাস্তার অবস্থা এবং প্রয়োজনীয় অনুমতিপত্র সম্পর্কে আগে থেকেই জেনে নিন। বিশেষ করে তাওয়াং ও গুলমার্গের মতো বরফপ্রবণ এলাকায় গরম পোশাক ও প্রয়োজনীয় প্রস্তুতি রাখা জরুরি। পাশাপাশি হোটেল ও যাতায়াতের টিকিট আগেভাগে বুকিং করলে শেষ মুহূর্তের ঝামেলা এড়ানো সম্ভব।
প্রকৃতির অপার সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি কিংবা সমুদ্রের হাতছানি শীতের ছুটিতে ভারতের এই ১০টি গন্তব্যে মিলতে পারে ভিন্ন স্বাদের ভ্রমণ অভিজ্ঞতা। পছন্দ ও বাজেট অনুযায়ী বেছে নিন আপনার পরবর্তী ছুটির ঠিকানা।
আরটিভি/এসকে




