কবি সুফিয়া কামালের ছেলে, সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তার ছোট বোন মানবাধিকার কর্মী সুলতানা কামাল মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন। সুলতানা কামাল জানান তিনি এই মুহূর্তে লন্ডনে রয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি বার্ধক্য জনিত সমস্যাসহ নিউমোনিয়া এবং ডায়রিয়া নিয়ে শনিবার সকালে তাকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজে আইসিইউতে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭ টায় তিনি মৃত্যু বরন করেন।
আত্মীয় বন্ধুদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য ধানমন্ডি ৩২ নম্বরে তাদের আবাস্থল ‘সাঁঝের মায়ায়’ দেহ রাখা হবে। রাতে ফ্রিজার গাড়িতে রাখা হবে মরদেহ। রোববার বাদ জোহর ধানমন্ডির তাক্ওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরেই শেষ শয্যায় শায়িত করা হবে।
কবি সুফিয়া কামালের পুত্র শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ১৯৭৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি বার্তা সংস্থা বাসস-এ বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন। পরবর্র্তীতে বাসসের এমডি পদে কাজ করেছেন।
আরটিভি/ এসকেডি



