
ঢাকার মিরপুর পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থি দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে ক্যাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা নির্মাণের কাজ চলছিল। সেখানে পানির পাম্প বসানোকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
ওসি বলেন, পানির পাম্প বসানো নিয়ে বিরোধের সূত্রপাত। বিষয়টি শুরুতে বিহারিদের মধ্যকার বিরোধ থাকলেও পরে তা দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পাশাপাশি ককটেল নিক্ষেপের অভিযোগও পাওয়া গেছে।
সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না জানতে চাইলে ওসি হাসান বাসির বলেন, দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। তবে আহত হওয়ার বিষয়ে এখনো কোনো তথ্য পুলিশের কাছে আসেনি।
পুলিশ জানিয়েছে, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরটিভি/এসকে


