
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই ফ্লাইটে আসা পাঁচ যাত্রীর ব্যাগ থেকে ২৪ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার AI2183 ফ্লাইটে আসা ওই পাঁচ যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব মদ জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের সি-শিফটের কর্মকর্তারা ফ্লাইটটির কয়েকজন যাত্রীর ওপর বিশেষ নজরদারি করেন। ফ্লাইটটি সকাল ১০টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহভাজনদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় কাসেমের ব্যাগ থেকে ৬ লিটার, এমডি মামুনের ব্যাগ থেকে ১২ লিটার, তপনের ব্যাগ থেকে ৩ লিটার, ফয়সাল মিয়ার ব্যাগ থেকে ২ লিটার এবং সামসুল আলম পলাশের ব্যাগ থেকে ১ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, একই রুটের একই ফ্লাইটে একাধিক যাত্রীর ব্যাগে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, কিংবা যাত্রীদের ব্যবহার করে বিদেশি মদ আনার কোনো নেটওয়ার্ক সক্রিয় আছে কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরটিভি/এসকে


