
রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর মোল্লাডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
নিহতের নাম মো. নাসির উদ্দিন নসু (৫০)। মঙ্গলবার রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।
এর আগে একইদিন বেলা ১১টার দিকে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন প্রতিপক্ষ।
নিহত নসু বড় ভবানীপুর মোল্লাডাঙ্গা গ্রামের মো. মালেক মোল্লার ছেলে।
নসুর ছেলে রুবেল মোল্লা বলেন, প্রায় দুই মাস ধরে বাড়ির পাশের আট শতাংশ জমি নিয়ে প্রতিবেশী রহমান শেখের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই জমি মাপের দিন নির্ধারণ করা ছিল। জমি মাপের জন্য দুই পক্ষের লোকই নিজেদের ল্যান্ড সার্ভেয়ার (জমি মাপক আমিন) নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম।
এসময় রহমান শেখের ছেলে ডাবলু শেখ, লাবলু শেখ, রিয়াজুল শেখ ও বাবলু শেখসহ তাদের আত্মীয় মমিন, শামীম, বাচ্চু, সাচ্চু, রিয়ন ও মাসুদ আমাদের ওপর হামলা চালায়। তারা বাঁশ দিয়ে আমার বাবার মাথা ও ঘারসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে।
এসময় আমার বাবাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাতে ফরিদপুর থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাত একটার দিকে বাবাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌঁছালে তিনি মারা যান। পরে সকালে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনার উল্লেখিতদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান রুবেল মোল্লা।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন ভূইয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন
জেবি/এসএস



