
কুমিল্লার বুড়িচংয়ে একটি কালভার্টের নিচ থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ ধরে স্থানীয় যুবক আলাউদ্দিন বস্তাবন্দি করে নিজ বাড়িতে নিয়ে যান।
বুধবার (২৭ আগস্ট) রাতে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের-সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, কালভার্টের নিচে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরে আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে সেটি ধরে ফেলেন। অনেকে তাকে সাপটি বিক্রি করার পরামর্শ দিচ্ছেন।
সেনা সদস্য (অব.) রফিকুল ইসলাম জানান, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। সম্ভবত এক বছর আগে সীমান্ত এলাকায় বন বিভাগের কর্মকর্তারা যে অজগর অবমুক্ত করেছিলেন, সেটিই ভেসে এখানে এসেছে। আমি চাই সাপটি আবার বন-জঙ্গলে অবমুক্ত করা হোক।
বুড়িচং উপজেলা বন বিভাগের কালিকৃঞ্চনগর বিট কর্মকর্তা ইয়াজুল বলেন, আমি রাতে অজগর সাপটির বিষয় শুনেছি। আগামীকাল সকালে সাপটি উদ্ধার করে অবমুক্ত করা হবে।
আরটিভি/একে/এস




