
সুনামগঞ্জ জেলা পরিষদের ২০২৪ সালের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ বৃত্তিপ্রাপ্ত ৩৩ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ৫ম শ্রেণির ৩ জনকে ২০ হাজার টাকা করে, সাধারণ বৃত্তিপ্রাপ্ত ২২ জনকে ১২ হাজার টাকা করে, ৮ম শ্রেণির ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১ জনকে ২৫ হাজার ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৭ জনকে ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নাসরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহবুবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, সমাজ সেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক সুচিত্রা রায়, সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুভাষ চন্দ্র দাস, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী দিবস তালুকদার ও জগন্নাথপুর উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত সিদ্দিকা তাহা।
আরটিভি/এএএ




