ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম না করতে পারে সেই লক্ষ্যে শনিবার বিকেল থেকে সুনামগঞ্জ সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা জোরদার করছে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন।
বিজিবি জানিয়েছে, শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার জড়িত অপরাধীরা যাতে কোনভাবেই সীমান্ত অতিক্রম না করতে পারে সেই লক্ষ্যে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের আওতাধীন ৯০ কিলোমিটার সীমান্তের সকল বিওপি বিশেষ টহল দিচ্ছে। সীমান্তের যেসব এলাকা দিয়ে সম্ভাব্য ক্রসিং/রি-ক্রসিংয়ের ঝুঁকি রয়েছে সেসব গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যাতায়াতকারী সকল যানবাহনে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকার স্থানীয় জনসাধারণের মাঝে অপরাধীদের ছবিসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিতরণ করা হয়েছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম না করতে পারে সেই লক্ষ্যে সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি করা হচ্ছে।
আরটিভি/এএএ





