ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

স্রোতে তলিয়ে গেল আনসার সদস্যের শটগান, অতঃপর... 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে প্রতিদিনের মতোই সেদিনও ছিল উত্তাল। মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বিত টিম নদীপথে টহল চালাচ্ছিল। কিন্তু সোমবার সকালে এক মুহূর্তের ঘূর্ণিপাকে বদলে যায় দৃশ্যপট। উল্টে যায় স্পিডবোট, স্রোতের তোড়ে পানিতে পড়ে যায় আনসার সদস্য তাবিউর রহমান রায়হানের হাতে থাকা সরকারি শটগান। এরপর থেকেই শুরু হয় এক টানা উদ্ধার অভিযান, যা বুধবার (১৫ অক্টোবর) পর্যন্তও ফলপ্রসূ হয়নি।

জানা গেছে, দেশব্যাপী চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান এখন প্রায় প্রতিটি নদী অঞ্চলে নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে। চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের শৈলজানা এলাকায়ও সোমবার সকাল থেকে তেমনি এক অভিযান শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে টিমটি নদীতে গিয়েছিল নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা প্রতিরোধে। অভিযানে অংশ নেয় মৎস্য কর্মকর্তা, পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

অভিযানের এক পর্যায়ে তারা যমুনার মূল স্রোতে প্রবেশ করলে হঠাৎ জোরে ধাক্কা খেয়ে স্পিডবোটটি ভারসাম্য হারায়। ইউএনওসহ সবাই পানিতে পড়ে যান। চারদিকে তখন শুধু পানি আর আতঙ্ক। পরে পাশের আরেকটি নৌকা দ্রুত এগিয়ে এসে সবাইকে উদ্ধার করে। প্রাণহানির ঘটনা ঘটেনি কিন্তু তখনই দেখা যায় আনসার সদস্য তাবিউরের কাঁধে ঝোলানো সরকারি শটগানটি আর নেই। নদীর তলদেশে কোথায় যেন হারিয়ে গেছে অস্ত্রটি।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, স্পিডবোট উল্টে যাওয়ার সময় আমরা সবাই কিছুটা দিশেহারা হয়ে পড়েছিলাম। তবে সৌভাগ্যবশত দ্রুত উদ্ধার হওয়ায় কেউ আহত হয়নি। কিন্তু তাবিউরের কাছে থাকা শটগানটি হাতছাড়া হয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে আমরা থানায় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।

এরপরই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ডুবুরি দল পাঠায়। তিন দিন ধরে টানা উদ্ধার অভিযান চলছে। কিন্তু নদীর তীব্র স্রোত ও গভীরতা সেই প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার পরপরই অভিযান শুরু করি। কিন্তু যমুনার ওই অংশে পানির স্রোত অত্যন্ত প্রবল। কোথাও কোথাও গভীরতা ৪০ থেকে ৫০ ফুটের বেশি। নদীর তলদেশে বালুচর পরিবর্তনও দ্রুত হয়, ফলে নির্দিষ্ট জায়গা শনাক্ত করা কঠিন।

সরকারি উদ্ধার অভিযান চলার পাশাপাশি স্থানীয় তরুণরাও এগিয়ে এসেছে। তারা জাল ফেলে, পাথর ফেলে দিকচিহ্ন ধরে অনুসন্ধান চালাচ্ছে। কেউ কেউ নিজের ছোট নৌকা ও জাল নিয়ে সাহায্য করছে ফায়ার সার্ভিস সদস্যদের।

স্থানীয় তরুণ রফিকুল ইসলাম বলেন, আমরা প্রতিদিন নদীতে মাছ ধরি। খবর শুনেই নেমেছি সাহায্য করতে। প্রশাসনের ভাইয়েরা কষ্ট করে কাজ করছেন, আমরাও চেষ্টা করছি কিছু পাওয়া যায় কি না।

অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অস্ত্র উদ্ধারে প্রয়োজনে নৌবাহিনী বা ডুবুরি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। কারণ, সরকারি অস্ত্র হারানোর বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং নিরাপত্তার স্বার্থে এটি উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে।

যমুনা নদী বাংলাদেশের অন্যতম প্রমত্ত নদী। এর স্রোত, গভীরতা ও বালুচরের অবস্থান প্রতিনিয়ত বদলায়। বিশেষ করে চৌহালী উপজেলা অঞ্চলে নদীর গতিপথ দ্রুত পরিবর্তিত হয়। কখনো হঠাৎ স্রোত বেড়ে গিয়ে নৌকা উল্টে দেয়, আবার কখনো ভাটির দিকে বালুচর তৈরি হয়। স্থানীয়দের ভাষায় যমুনা যা নেয়, তা ফেরত দেয় না সহজে।

আরও পড়ুন

স্থানীয় জেলে হালিম শেখ বলেন, আমরা ছোটবেলা থেকে নদীতে আছি। এই জায়গায় বহু নৌকা উল্টে গেছে, মানুষও হারিয়েছে। নদীর নিচে কাদা, বালু, স্রোত সব কিছু মিলে এখানে কিছু খুঁজে পাওয়া অনেক কঠিন।

চৌহালী উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, পুরো ঘটনাটি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। অস্ত্রটি সরকারি সংরক্ষিত অস্ত্র হওয়ায় বিষয়টি নিয়ে লিখিত প্রতিবেদনও প্রস্তুত করা হচ্ছে। ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। প্রয়োজনে উন্নত যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডুবুরি দল আনা হবে।

অন্যদিকে, আনসার সদস্য তাবিউর রহমান মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ইউএনওর নিরাপত্তায় কর্মরত। প্রশাসনের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়েছে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

বুধবার সকাল পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যরা আবারও নতুন করে অনুসন্ধান শুরু করেন। তারা নদীর বিভিন্ন পয়েন্টে ডাইভ করে অনুসন্ধান চালাচ্ছেন। নদীর গভীরতায় শূন্য দৃশ্যমানটা, কাদায় ঢেকে থাকা তলদেশ সব মিলিয়ে উদ্ধার কাজ অনেকটাই কঠিন হয়ে পড়েছে।

তবুও ফায়ার সার্ভিস কর্মকর্তা রবিউল ইসলাম আশাবাদী হ‌য়ে ব‌লেন, আমরা যতটা সম্ভব চেষ্টা করছি। প্রতিদিন নতুন কৌশল নিচ্ছি। কখনো জালের সাহায্যে, কখনো মেটাল ডিটেক্টর দিয়ে অনুসন্ধান করা হচ্ছে। আশা করি শটগানটি উদ্ধার করতে পারব।

এই দুর্ঘটনার মধ্যেও থেমে নেই মা ইলিশ সংরক্ষণ অভিযান। প্রশাসনের অন্য দলগুলো প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত টহল দিচ্ছে। নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা বন্ধ রাখতে জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানো হচ্ছে। ইউএনও বলেন, আমরা দুর্ঘটনা সামাল দিচ্ছি, তবে মূল দায়িত্ব থেকে পিছু হটছি না। মা ইলিশ রক্ষা আমাদের জাতীয় দায়িত্ব।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৫ সদস্য আটক
কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানোর অভিযোগে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পাঁচ সদস্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে কু‌ড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শহরের কলেজমোড়সহ একাধিক জায়গায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। খবর পেয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে থানা ও ডিবি পুলিশ। পরে বিকেলে খলিলগঞ্জ বাজারসংলগ্ন এলাকা থেকে রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে ভেতরে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়। আটকরা হলেন- জাবের আল রাফিয়ান (৩০), সাকিবুল হাসান (২৪), শামীম হোসেন (২৫), ফাহমিদ হাসান (৩৪) এবং মাহমুদুর রহমান (২৫)। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুরে। আরও পড়ুন সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানালেন পর্যটকরা পুলিশ জানায়, পোস্টার সাঁটানোর স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আটক তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তারা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে হিযবুত তাহরীরের প্রচারণামূলক পোস্টার সাঁটাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। এ বিষয়ে কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি সন্ধ্যায় আটকের কথা স্বীকার করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এমএ
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ৫ সদস্য আটক
সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানালেন পর্যটকরা
পশ্চিমে হেলে পড়েছে লাল সূর্য। সাগরের বালুচরে বসানো চেয়ারে (কিটকট) সেই সূর্যের অপরূপ রূপ উদাস দৃষ্টিতে দেখছেন কেউ। কেউ আবার বালুচরে দাঁড়িয়ে সূর্যকে পেছনে রেখে ছবি তোলায় ব্যস্ত। আজ বছরের শেষ দিনের সূর্যাস্ত উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটকের সমাগম হয়েছে সাগরকন্যা কুয়াকাটায়।  লাল-কমলা আভায় রাঙানো আকাশ ও সাগরের মিলন মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে টুরিস্ট পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল থেকেই সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট, লেম্বুর বন ও আশপাশের এলাকায় দর্শনার্থীদের ভিড় দেখা যায়। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন আশানুরূপ পর্যটক না হলেও হতাশ নয় তারা। যশোর থেকে আসা একজন পর্যটক বলেন, মঙ্গলবার রাতে কুয়াকাটায় এসেছি থার্টি ফার্স্ট নাইট উপভোগের জন্য। সূর্যোদয় কুয়াশার কারণে দেখতে না পেলেও সূর্যাস্ত একদম স্পষ্ট দেখতে পেয়েছি। কুয়াকাটা আসা সার্থক হয়েছে। আরও পড়ুন ইউপি সদস্য কৃষক লীগ নেতা গ্রেপ্তার কুমিল্লা থেকে আসা একজন পর্যটক বলেন, প্রতি বছর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন নগরীগুলোতে গিয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে থাকি, তারই ধারাবাহিকতায় এ বছর কুয়াকাটায় আসলাম এবং বছরের শেষ সূর্যাস্ত উপভোগ করলাম। তবে ভালো লাগতো আজ রাতে নতুন বছরের আগমন উপলক্ষে উৎসব করতে পারলে কিন্তু সেটি করার সুযোগ নেই। কারণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে। এদিকে পর্যটকদের আগমনে ব্যস্ত সময় পার করছে হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও স্থানীয় ব্যবসায়ীরা। হোটেল মালিকরা জানান, অধিকাংশ আবাসিক হোটেল গুলো ৫০ শতাংশের বেশি বুকিং হয়ে যায়। খাবারের দোকান, হস্তশিল্প ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরাও ভালো বিক্রির আশা করছেন। তবে শতভাগ পর্যটক না হওয়ার কথাও জানান অনেক ব্যবসায়ী। কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, আমরা আশা করেছিলাম থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কুয়াকাটায় আশানুরূপ পর্যটক থাকবে। তবে আশানুরূপ পর্যটক না হলেও ৬০ শতাংশ পর্যটক রয়েছে কুয়াকাটার আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, পুরান বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরই পর্যটন নগরী কুয়াকাটায় পর্যটকদের ঢল নামে। কিন্তু এবছরের চিত্র কিছুটা ভিন্ন, এর কারণ হতে পারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে কিছু পর্যটক কম হয়েছে। তবে সামনের দিকে আশা করছি কুয়াকাটায় আরও বেশি পর্যটকদের উপস্থিতি বাড়বে। এ বিষয়ে টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও টুরিস্ট পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সৈকতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, লাইফগার্ড টিম প্রস্তুত রয়েছে। তাছাড়াও সাদা পোশাকেও একাধিক টিম মাঠে রয়েছে। সর্বোপরি কুয়াকাটায় আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। আরটিভি/এমএ
সৈকতে দাঁড়িয়ে বছরের শেষ সূর্যকে বিদায় জানালেন পর্যটকরা
ইউপি সদস্য কৃষক লীগ নেতা গ্রেপ্তার
জামালপুরের সরিষাবাড়ীতে বিস্ফোরক মামলায় মহাদান ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া বাজার এলাকায় নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহাদান গ্রামের শওকত আলী চাঁন মুন্সির ছেলে মাহবুবুর রহমান ওই ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং  ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে গত ২ অক্টোবর ২০২৪ তারিখে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৯/৩২৩/১১৪ ধারায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় । ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আরও পড়ুন ১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ​গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাশকতার মামলার একজন সন্দিগ্ধ আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাকে  আদালতে পাঠানো হবে। আরটিভি/এমএ
ইউপি সদস্য কৃষক লীগ নেতা গ্রেপ্তার
১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝালকাঠির কাঁঠালিয়ায় ১৭০ টাকা হারানোর জেরে ভাতিজী লামিয়া আক্তারকে (১৪) শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা জাকির হোসেন খানকে বিরুদ্ধে।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামের এ ঘটনা ঘটেছে।  আরও পড়ুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন নিহত লামিয়া আক্তার অভিযুক্তের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে এবং উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার পরে এলাকাবাসী অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, পকেট থেকে ১৭০ টাকা খোয়া যাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে লামিয়ার মা লিলি বেগমকে মারধর শুরু করে অভিযুক্ত চাচা জাকির। বিষয়টি দেখতে পেয়ে লামিয়া মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও শাবল দিয়ে এলোপাথিারি পেটায়। এতে মা-মেয়ে গুরুতর আহত হয়ে পরলে স্বজনরা তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। মা লিলি বেগম বর্তমানে তিনি শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, এ ঘটনায় অভিযুক্ত জাকির কে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এফএ
১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যার অভিযোগ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।  মাহমুদুল হাসান এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীতে নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে বর্ষীয়ান এ রাজনীতিক মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১৯৩৬ সালের ১ মার্চ টাঙ্গাইল সদর উপজেলার মাকোরকোল গ্রামে জন্মগ্রহণ করেন মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান। তিনি রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।  রাজনৈতিক জীবনে ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১২ সালের উপ-নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। আরটিভি/এফএ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মারা গেছেন
আরও পড়ুন
আদালতে তদবির, আনসার সদস্য আটক
‘গুলি করে দেই’ বলেই সহকর্মীকে খুন
ব্যস্ত সড়কে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
মহাসড়কে হঠাৎ চলন্ত ট্রাকে আগুন