
খুলনার পাইকগাছায় শিবসা নদীর চরে হাত-পা বাঁধা অবস্থায় রিপন মাখাল নামে এক নরসুন্দরকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে পাইকগাছা থানার সামনের শিবসা নদীর চরে মাছ ধরতে যাওয়া স্থানীয়রা উবুড় অবস্থায় রিপনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রিপনের দুই হাত ও হাঁটুর নিচে দড়ি দিয়ে বাঁধা ছিল। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খ্রিষ্টানপাড়া এলাকার মিখাইল মাখালের ছেলে।
রিপনের বাবা মিখাইল মাখাল বলেন, আমার ছেলের জিরো পয়েন্ট বাসস্ট্যান্ডের কাছে একটি সেলুন আছে। ঘর তোলা নিয়ে তার চাচাতো ভাই রকি মাখাল ও শ্বশুর আগষ্টিন সরকারের সঙ্গে কয়েক দিন ধরে ঝগড়া চলছিল।
তিনি জানান, উদ্ধার হওয়ার সময় রিপনের গায়ে গেঞ্জি ও জিনস প্যান্ট ছিল।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলেন, কারা রিপনকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে, তা দ্রুত উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিরপদ জানান, রিপনের অবস্থা এখন স্থিতিশীল। তিনি শঙ্কামুক্ত, তবে পুরোপুরি জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে।
পাইকগাছা থানার ডিউটি অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা ঘটনাটি তদন্ত করছি।
আরটিভি/এএএ




