ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রলিতে থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার হুগুলিয়া এলাকার মারকাস মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চান্দিনা উপজেলার কড়িকান্দি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তোফাজ্জল হোসেন (৪৫) এবং অজ্ঞাতপরিচয় খোরশেদ মিয়া (৪০)।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেলে স্টার লাইন পরিবহনের দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ইট ভাঙার ট্রলির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন ট্রলিতে থাকা শ্রমিকরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তোফাজ্জল হোসেন ও খুরশিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত তাফাজ্জল হোসেনের স্ত্রী জোসনা আক্তার বলেন, তার স্বামী ইট ভাঙার কাজ করতেন। কাজ শেষ করে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। আহত শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
আরটিভি/এমএ




