
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাছ ধরার বিশেষ যন্ত্র ব্যবহার করে একটি বিপন্ন প্রজাতির মেছোবাঘ আটক করে স্থানীয়রা। এর কিছুক্ষণ পরই মারা যায় মেছোবাঘটি।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের শরফদিনগর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত মেছোবাঘটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গ্রামের পাশের ঝোপঝাড় থেকে একটি পূর্ণবয়স্ক মেছো বাঘ হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়লে কয়েকজন গ্রামবাসী জাল ও পলো নিয়ে প্রাণীটিকে ঘেরাও করে। ধরা পড়ার পরই দুর্বল অবস্থায় এটি মারা যায়।
সরফদিনগর গ্রামের জাকির হোসেন বলেন, সকালে হাঁটতে বের হয়ে দেখি একটি মেছো বাঘ দৌঁড়াচ্ছে। পরে পলো দিয়ে ধরতে সক্ষম হই। ধরার কিছুক্ষণ পরই মেছেবাঘটি মারা যায়।
এলাকাবাসীর দাবি—সাম্প্রতিক সময়ে তাদের এলাকায় আরও কয়েকটি মেছো বাঘের দেখা মিলেছে। খাবারের অভাব কিংবা নিরাপদ আশ্রয় হারানোর কারণে এসব বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ছে। এতে গ্রামে উদ্বেগও বাড়ছে।
উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মেছোবাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরে নিয়ম অনুযায়ী প্রাণীটিকে মাটিতে পুঁতে ফেলা হবে। মানব-প্রাণীর সহাবস্থানের এই সময়টিতে বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বাড়ানো দরকার।
আরটিভি/এমএ




